২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার স্বপ্ন ছাপিয়ে মেসি

ছোট্ট ছেলেকে ঘিরে অনেক স্বপ্ন বুকে নিয়ে পথচলা শুরু করেছিলেন হোর্হে মেসি। তবে ছেলে লিওনেল মেসি সব প্রত্যাশা ছাপিয়ে এত সাফল্য পাবে তা স্বপ্নেও ভাবেননি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

গত সোমবার রেকর্ড পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি।

পাঁচ বছর বয়সে বাবার কোচিংয়ে ক্লাব গ্রান্দোলিতে খেলা শুরু করেন মেসি; ৩ বছর পর যোগ দেন রোসারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসে। কিন্তু ১১ বছর বয়সে মেসি আর ফুটবলের মাঝে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক সমস্যা।

মেসির শরীরে একটি হরমোনের ঘাটতি দেখা দেয়। এতে আর্জেন্টিনার খ্যাতনামা ক্লাব রিভার প্লেট মেসির সঙ্গে চুক্তি করতে গিয়েও পিছিয়ে যায়। সেই সময়ই মেসির চিকিৎসার জন্য মাসে ৯০০ ডলার করে প্রয়োজন হতো।

সেই কঠিন সময়ে এগিয়ে আসেন বার্সেলোনার তখনকার ক্রীড়া পরিচালক কার্লেস রেসাচ। ট্রায়ালে মেসির ফুটবলে মুগ্ধ হয়ে তখনই ১৩ বছর বয়সী বিস্ময় বালককে নেয়ার চুক্তি সেরে ফেলেন তিনি। মেসির সব ধরনের চিকিৎসার ভারও নেয় বার্সেলোনা।

পরের গল্পটা শুধুই মেসিময়। লিওনেল মেসি হয়ে উঠলেন বার্সেলোনার মধ্যমণি। দলটির হয়ে এমন কোনো শিরোপা নেই যে জেতেননি। গৌরবময় পথচলায় ২০০৯-২০১২ পর্যন্ত টানা চার বার বর্ষসেরা ফুটবলার হয়ে ইতিহাস গড়েন।

আর গত সোমবার সুইজারল্যান্ডের জুরিখে মেসি উঁচিয়ে ধরেন পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কারটি। নিজেকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে।

ছাড়িয়ে গেলেন বাবার স্বপ্নকেও। ছেলের অসাধারণ অর্জনে নিজের অনুভূতি জানাতে স্প্যানিশ পত্রিকা মার্কাকে লেখা এক চিঠিতে তেমনটাই বলেন হোর্হে মেসি।

“স্বপ্নের মাঝে আমরা আর্জেন্টিনা ছেড়েছিলাম, অনেক ভয়ও ছিল। তবে লিওনেল সে যাত্রাটা উপভোগ করেছিল।”

ছেলের আজকের অবস্থানের বিষয়ে হোর্হে লেখেন, “আজ সে যেখানে, আমরা স্বপ্নেও ভাবিনি সে পারবে। এটা একটা জাদুময় জায়গা, যে উদ্দেশ্যে সে ২০০৭ সালে যাত্রা শুরু করেছিল- বিশ্ব ফুটবল তাকে পাঁচ বার বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে।”

ছেলের এই আকাশছোঁয়া অর্জনে গর্বিত বাবা হোর্হে বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। কারণ সে সব কিছু অর্জন করেছে অনেক কষ্টের বিনিময়ে।”

পুরনো খবর:

৫ ব্যালন ডি’অরের বিনিময়ে এক বিশ্বকাপ চান মেসি
মেসির বাঁ পা চান রোনালদো