২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলদের রক্ষণে সমস্যা দেখছেন সালাউদ্দিন

বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের প্রথম ম্যাচের খেলার মূল্যায়ন করেছেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্বে থাকা এই সাবেক ফুটবলার মামুনুলদের রক্ষণে আর যুব দলের আক্রমণভাগে সমস্যা দেখার কথাও জানান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 09:18 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মামুনুলদের জয়টি ৪-২ গোলের। আর এগিয়ে গিয়েও বাহরাইনের যুবাদের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশের যুবারা। এই দুই ম্যাচ দেখার পর উত্তরসূরিদের কিছু সমস্যা দেখিয়ে দেন সালাউদ্দিন।

বাফুফে ভবনে সোমবার মামুনুলদের প্রথম ম্যাচের খেলা নিয়ে সাবেক এই ফুটবলার বলেন, “(জাতীয় দলের) এখনও অনেক দূর যাওয়ার আছে। আমি বলি বা না বলি, দলকে ফাইনালে খেলতে হবে। তবে আমি সব টিমের সম্ভাবনা নিয়ে বলতে রাজি আছি; বাংলাদেশ ছাড়া। আমি তো চাই তারা চ্যাম্পিয়ন হোক, বাদ বাকি খেলোয়াড়রা কি করবে, সেটা তো জানি না।”

“(প্রথম ম্যাচ নিয়ে) আমি খুব খুশি নই; রক্ষণে এখনও অনেক ঘাটতি আছে; এগুলো কাভার না করলে যে কোনো কিছুই হতে পারে”, যোগ করেন তিনি।

ইউসুফ সিফাতের গোলে বাহরাইনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ম্যাচে সমতা ফেরার পর আমিনুর রহমান সজীব, সিফাতরা একের পর এক সুযোগ হেলায় হারান। যুবাদের আক্রমণের ভাগের সমস্যা তুলে ধরেন সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন।

“জুনিয়র টিমে (অনূর্ধ্ব-২৩) উল্টো দেখলাম; তাদের ফিনিশিং খারাপ। তারা ভালো শুরু করেছিল; লিড নিয়েছিল। কিন্তু পরে গোল খেলো। এরপর তারা তিনটা ওয়ান অ্যান্ড ওয়ান চান্স পেল, কিন্তু কাজে লাগাতে পারেনি। … ১০ জনের প্রচেষ্টাকে একজনকে তো কাজে লাগাতে হবে।”

গোল্ড কাপের এবারের দলগুলো গতবারের চেয়ে ‘মানসম্পন্ন’ এবং খেলাগুলো আরও বেশি ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ হচ্ছে বলেও মনে করেন বাফুফে সভাপতি।

এবারই প্রথম চ্যাম্পিয়নদের জন্য ৬০ হাজার ডলার এবং রানার্সআপদের জন্য ২৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, “হয়ত ভবিষ্যতে এটা (প্রাইজমানি) আরও বড় হবে। আশা করি, আগামীতে এশিয়াতে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রতিষ্ঠিত টুর্নামেন্ট হবে।”

সালাউদ্দিন গোল্ড কাপের সূচি পেছানোর কারণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাইনালে প্রধান অতিথি হিসেবে থাকার কথা জানান।

“আসলে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে প্রধানমন্ত্রী আসবেন, এটা আমাদের সবারই চাওয়া। তিনি মত দিয়েছেন, ২২ তারিখে বিকাল বেলা আসবেন।”

পরিবর্তিত সূচি অনুযায়ী গোল্ড কাপের ঢাকা পর্ব শুরু হবে আগামী বুধবার নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল হবে ২০ জানুয়ারির বদলে ২২ জানুয়ারি।