২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর স্টেডিয়ামের সমালোচনায় সালাউদ্দিন

বঙ্গবন্ধু গোল্ড কাপের ভেন্যু যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠের সমালোচনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 07:30 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

বাফুফে ভবনে সোমবার সাংবাদিকদের সঙ্গে গোল্ড কাপের সূচির পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে শামস-উল-হুদা স্টেডিয়াম নিয়ে অসন্তোষ জানান সালাউদ্দিন।

“আমি আসলে যশোর স্টেডিয়াম দেখে বোকা বনে গেছি। কারণ, আমি জানি না স্টেডিয়ামটা কে ডিজাইন করেছে? কিভাবে হয়েছে? এটা না ক্রিকেট স্টেডিয়াম, না হকি, না হাডুডু স্টেডিয়াম! এটার কে ডিজাইন করেছে? কেন করেছে? এটা আমার প্রশ্ন।”

গোল্ড কাপের গ্রুপ পর্বের খেলার একটা অংশ সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কারণে যশোরকে ভেন্যু হিসেবে বেছে নেয় বাফুফে।

শামস-উল-হুদা স্টেডিয়াম গোল্ড কাপের খেলার উপযোগী করতে মাত্র সাত দিন সময় পেয়েছে আয়োজকরা। তাতে পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। মাঠ অসমান রয়েছে। গ্যালারির এক পাশ থেকে খেলা দেখা যায় না বলেও জানান সালাউদ্দিন।

“গ্যালারির এক পাশ দিয়ে খেলা দেখা যায়, অন্যদিক দিয়ে যায় না; মাঠের কোনো শেপ নাই, কিছু নাই। এটা খুবই দুঃখজনক।”

ভবিষ্যতে কোনো স্টেডিয়াম নির্মাণ করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবার সঙ্গে আলোচনার পরামর্শও দেন সভাপতি।

“ভবিষ্যতে মিনিস্ট্রি, স্পোর্টস বোর্ড যেন অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্টেডিয়ামের ডিজাইন করে।”