জিদানের অধীনে স্বচ্ছন্দ বেল
জিনেদিন জিদানের অধীনে খেলে খুশি বলেই জানিয়েছেন গ্যারেথ বেল। মাঠে রিয়াল মাদ্রিদের নতুন কোচ তাকে আগের কোচ রাফায়েল বেনিতেসের মতোই স্বাধীনতা দিয়েছেন বলে উল্লেখ করেছেন তারকা এই ফরোয়ার্ড।
নিজেদের মাঠে গত শনিবার স্পেনের লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। রিয়ালের কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচে এমন সাফল্য আসে মূলত ওয়েলসের ফরোয়ার্ড বেলের হ্যাটট্রিকে। দলের অন্য দুটি গোল করেন করিম বেনজেমা।
ম্যাচ শেষে বেল বলেন, “আমি খুব খুশি। এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা পেশাদার এবং অবশ্যই আমাদের পুরো মৌসুম জুড়ে কাজ করতে হবে। বেনিতেসের মতো জিদানের সঙ্গেও আমি একই স্বাধীনতা পাচ্ছি।”
জিদান খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন, কোচ হিসেবেও তেমন ভালো হবেন বলে বিশ্বাস করেন বেল।
জিদানের অধীনে প্রথম ম্যাচে রিয়ালের পারফরম্যান্স দেখে দলটির মিডফিল্ডার লুকা মদ্রিচের মনে হয়েছে, কোচের পদে পরিবর্তনটা ইতিবাচকই।
“রাফার জন্য আমি দু:খিত। তাকে তার কাজের জন্য ধন্যবাদও জানাই আমি। কিন্তু সত্যি বলছি, আজকের ম্যাচ দেখে মনে হয়েছে যে, পরিবর্তনটা ইতিবাচক।”
