ফেদেরারকে হারিয়ে ব্রিসবেনে চ্যাম্পিয়ন রাওনিচ
ব্রিসবেন ইন্টারন্যাশনালের পুরুষ এককের শিরোপা জিতেছেন মিলোস রাওনিচ। ফাইনালে শীর্ষ বাছাই রজার ফেদেরারকে হারিয়েছেন কানাডার এই খেলোয়াড়।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শিরোপা নির্ধারণী ম্যাচে সুইস তারকা ফেদেরারকে ৬-৪, ৬-৪ গেমে হারান চতুর্থ বাছাই হিসেবে টুর্নামেন্টে খেলতে আসা রাওনিচ।
রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের বিপক্ষে ১১ বারের মুখোমুখি লড়াইয়ে রাওনিচের এটা দ্বিতীয় জয়।
এই জয়ে প্রতিশোধও নেওয়া হলো রাওনিচের। গত বছরের ফাইনালে ফেদেরারের কাছে হেরেই এখানে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় তার।
কিংবদন্তি ফেদেরারের বিপক্ষে এমন দাপুটে জয়ে আসন্ন অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা খুব ভালোভাবেই সেরে রাখলেন রাওনিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে ১৮ জানুয়ারি।
