২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনের সামনে ‘নির্ভার’ বাংলাদেশ অনুর্ধ্ব-২৩

বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ মিশন শুরুর অপেক্ষায় ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) জন্য জনি-রাব্বিদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 07:20 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে আগামী রোববার সময় পৌনে তিনটায় ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে।
 
আগের দিনের সংবাদ সম্মেলনে অনূর্ধ্ব-২৩ দলের কোচ গনসালো সানচেস মরেনো, অধিনায়ক রেজাউল করিম, টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু কথা বললেও এসএ গেমসের প্রস্তুতি নিয়ে মুখ খোলেননি।
 
গোল্ড কাপে খেলতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলই পাঠিয়েছে। অন্যদিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে তেইশের বেশি বয়সী খেলোয়াড় আছে পাঁচজন।
 
কোচ মরেনো বলেন, “এটা সম্পূর্ণ নতুন একটা দল। তাদের প্রস্তুত করতে সময়ের প্রয়োজন। গোল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো আমাদের জন্য খুবই জরুরি। তাতে দল এবং খেলোয়াড়দের অবস্থান যাচাই করা যাবে।”
 

অনুর্ধ্ব-২৩ দলে নামে খেললেও গোলরক্ষক জিয়াউর রহমান, রেজাউল করিম, সুলতান আহমেদ, অরূপ বৈদ্য ও কেষ্ট কুমার এই দলের ‘বয়সী’ খেলোয়াড়। সেরা একাদশে এই পাঁচ জনের থাকার সম্ভাবনা বেশি। অথচ জাতীয় দলে থাকা অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সময় কাটিয়েছেন বেঞ্চে বসে থেকে। এসে গেমসের আগে পুরো একটা দল হিসেবে তাই খেলা হচ্ছে না যুবাদের।
 
এসএ গেমসের প্রস্তুতির প্রসঙ্গ এড়িয়ে স্বাগতিক দলের ম্যানেজার রূপু জয়ে শুরুর লক্ষ্যটা জানান।
 
“আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব টপকে যাওয়া। পরবর্তীতে সেমি-ফাইনাল ও ফাইনাল নিয়ে ভাবতে চাই।”
 

অধিনায়ক রেজাউল ম্যাচের লক্ষ্য নিয়ে বলেন, “দলটির অধিকাংশ ফুটবলারই তরুণ। আমাদের উপর কোন ধরনের চাপ নেই, সবাই খেলতে মুখিয়ে আছে।” বাংলাদেশকে সমীহ করছেন বাইরাইনের কোচ মারজাদ ইদও। গ্রুপ পর্ব পেরিয়ে সেমি-ফাইনালে ওঠার লক্ষ্য জানিয়ে অতিথি দলের কোচ বলেন, “এটুকু বলতে চাই, আমাদের কাজটা মোটেও সহজ হবে না। কারণ আমরা স্বাগতিক দলের বিপক্ষে খেলছি।”