পিএসজির জয়ে ব্রাজিলের মাক্সওয়েলের অসাধারণ গোল
ফ্রান্সের লিগ ওয়ানে একের পর এক জয়ে শিরোপা ধরে রাখার পথে আছে পিএসজি। বাস্তিয়ার বিপক্ষে নিজেদের মাঠে গত শুক্রবার ২-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা।
দুটি গোলই প্রথমার্ধে পায় লরাঁ ব্লাঁর দল। এর মধ্যে অসাধারণ একটি গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার মাক্সওয়েল।
২৯তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ব্রাজিলে জন্ম নেওয়া ইতালির মিডফিল্ডার চিয়াগো মোত্তা। আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল দি মারিয়ার নেওয়া কর্নার থেকে দারুণ এক হেড করেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার চিয়াগো সিলভা। গোল ঢোকার সময় বলে বুটের হালকা টোকা মারেন মোত্তা।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাক্সওয়েল। দি মারিয়ার একটি পাস বিপদমুক্ত করতে ব্যর্থ হন বাস্তিয়ার এক খেলোয়াড়। এর সুযোগ নিয়ে কঠিন কোণ থেকে দারুণ এক ভলিতে বল জালে পৌঁছে দেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।
এই জয়ের পর ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল পিএসজি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৩২। এ মৌসুমে লিগে কোনো ম্যাচ না হারা পিএসজির চেয়ে ২২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
