২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে ছাড়বেন না জিদান

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। দলটির নতুন কোচ জানিয়েছেন, জানুয়ারিতে দলবদলের বাজারে কোনো খেলোয়াড় কেনা বা বিক্রি করা হবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 10:36 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

পর্তুগিজ তারকা রোনালদোর রিয়াল ছাড়া নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন ওঠে। এ মৌসুমের শুরুতে রাফায়েল বেনিতেস কোচ হওয়ার পর গণমাধ্যমে তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরে সে গুঞ্জন আরও মাত্রা পায়। শুক্রবার সে সব গুজব বলেই উড়িয়ে দিলেন জিদান।

“সে কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, সে দলের প্রাণ। (এমন খবরে) আমি হাসি; কারণ আমি থাকা অবস্থায় সে যাচ্ছে না।”

শুধু রোনালদোকে নিয়েই নয়, বেশ কিছু দিন ধরে মিডফিল্ডার ইসকোর রিয়াল ছাড়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আক্রমণভাগের তারকা গ্যারেথ বেলেরও প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে গণমাধ্যমে খবর হয়।

অন্যদিকে, ভলফসবুর্গের সুইস ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেসকে রিয়াল কিনতে চায় বলে গণমাধ্যমে খবর বের হয়। তবে এ সবের কোনো কিছুই ঘটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জিদান।

“দলে কারোর আসা বা চলে যাওয়া আমি চাই না। আমার দারুণ একটা দল আছে।”

দলের ‘বাজে’ পারফরম্যান্সের জন্য গত সোমবার রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয় রিয়াল।

প্রথমবারের মতো কোনো দলের মূল কোচ হিসেবে যোগ দিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী বিশ্বকাপ জয়ী এই তারকা জানান, তার দলের সবাই সঠিক লক্ষ্যে আছে এবং সবাই ভালো করতে চায়।