গ্রানাদাকে পেয়ে ছন্দে ফেরার লক্ষ্য বার্সার
নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে কোপা দেল রেতে দুর্দান্ত এক জয়ের পর বার্সেলোনার সামনে এবার লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্য। আর সে লক্ষ্যে লুইস এনরিকের দল সামনে পেয়েছে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা গ্রানাদাকে।
একে তো দুর্দান্ত ফর্মে আছে মেসি-নেইমার-সুয়ারেস। তার উপর ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও থাকছে কাতালুনিয়া দলটির। সব মিলিয়ে সহজ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার প্রত্যাশা করতেই পারে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সমর্থকেরা।
কাম্প নউয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে এখন লা লিগার শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।
নিজেদের মাঠে সবশেষ ম্যাচে গত বুধবার এসপানিওলকে ৪-১ গোলে হারানো বার্সেলোনা লিগে এ বছর প্রথম জয়ের অপেক্ষায় আছে। লিগে সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়; শেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার পারফরম্যান্স অবশ্য চমৎকার; শেষ পাঁচ ম্যাচে ১৪টি গোল করেছে তারা, খেয়েছে মাত্র ১টি। তাই দুর্বল গ্রানাদার জালে গোল উৎসব করে লিগে ছন্দে ফেরার আশা করতেই পারে দলটি।
অন্যদিকে, লা লিগায় শেষ আটটি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতেই জয়ের দেখা পেয়েছে গ্রানাদা।
তাতে অবশ্য হাল ছাড়ছেন না গ্রানাদার স্প্যানিশ কোচ হোসে সান্দোভাল। নিজেদের প্রমাণের উদ্দেশে শিষ্যদের উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দিলেন।
“এখন আমরা কাম্প নউয়ে যাব এবং আমরা জানি, এটা কঠিন ম্যাচ হবে কারণ সব সময় বল তাদের দখলে থাকে। কিন্তু আমার দল সব সময় নিজেদের প্রমাণের চেষ্টা করে।”
অদম্য বার্সেলোনার বিপক্ষে ছেলেদের উদ্বুদ্ধ করার যত চেষ্টাই করেন না কেন গ্রানাদা কোচ; নিজেও নিশ্চয় জানেন দুর্দান্ত ফর্মে থাকা মেসি-নেইমার-সুয়ারেসদের আটকাতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে তাদের।
