মামুনুলদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ
শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভসূচনা পেলেও উচ্ছ্বাসে ভেসে যেতে চান না মারুফুল হক। ‘প্রথম চাওয়া’ পূরণ হওয়ার পর তাই শিষ্যদের সামনের ম্যাচে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের এই কোচ।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুক্রবার গোল্ড কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। স্বাগতিক দলের শাখাওয়াত হোসেন রনি দুটি, নাবীব নেওয়াজ জীবন ও জাহিদ হোসেন একটি করে গোল করেন।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন চৌধূরীর ফাউল ও জামাল ভূইয়ার ভুলে খাওয়া দুই গোল নিয়ে কথা বলেন মারুফুল। নির্দিষ্ট কাউকে দোষ না দিলেও ম্যাচের শেষ দিকে মামুনুলদের বলের নিয়ন্ত্রণ হারানোর সমালোচনা করেন তিনি।
“ফুটবলে এটা হয়েই থাকে। একটা ভুলে ৩-১ থেকে ৩-২ হয়েছে। সেখানে থেমে গেলে ঠিক ছিল। একের পর এক ভুল হতে থাকলে মেনে নেয়া কঠিন। খেলোয়াড়দের আরও মনোযোগী হতে হবে; ভুলগুলো কমিয়ে আনতে পারলেই ভাল করা সম্ভব।”
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কিছুটা ভুলতে গোল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে শুরু চেয়েছিলেন মারুফুল। সে চাওয়া পূরণ হওয়ায় খুশি তিনি।
“সাফে প্রত্যাশা অনুযায়ী ভাল করতে পারিনি। সে জন্য এখানে ভালো করার তাড়না ছিল। লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জয়। এখন লক্ষ্য সেমি-ফাইনাল নিশ্চিত করা।”
এক জয়ের আনন্দে শিষ্যদের ভেসে না যাওয়ার পরামর্শও দিয়েছেন কোচ, “আমাদের জাতিগত অভ্যাস হচ্ছে-আমরা অল্পতেই তুষ্ট হয়ে যাই। প্রথমার্ধে ৩-১ হয়ে যাওয়ার পর সন্তুষ্টি চলে এসেছিল। এ কারণে বিরতির পর দল প্রত্যাশিত খেলতে পারেনি। এ ম্যাচের নৈপুণ্য দিয়েই হাওয়ায় গা ভাসিয়ে দেয়া উচিত হবে না।”
“আজকের নৈপুণ্য পরের ম্যাচে ধরে রাখতে পারলে তা হবে ইতিবাচক। আমি সে দিকেই দৃষ্টি দিতে চাই,” যোগ করেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
