প্রত্যয়ী দেপোর্তিভোর বিপক্ষে পরীক্ষা শুরু জিদানের
সান্তিয়াগো বার্নাবেউয়ে কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক দেখার অপেক্ষায় আছে ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সমর্থকরা। ফ্রান্সের এই সাবেক তারকার প্রথম পরীক্ষা নিতে রিয়াল মাদ্রিদের মাঠে নামবে প্রত্যয়ী দেপোর্তিভো লা করুনা।
মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি শুরু হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায়।
রিয়ালের বাজে পারফরম্যান্সের কারণে গত সোমবার রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। একই সঙ্গে রিয়ালের কোচ হিসেবে জিদানকে নিয়োগ দেওয়া হয়।
দলের দায়িত্ব পাওয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেলদের নিয়ে জিদান প্রথম অনুশীলনে নামেন গত মঙ্গলবার। দলের সাবেক তারকা প্লেমেকারকে শুভেচ্ছা জানাতে অনুশীলন মাঠে গিয়ে হাজির হয়েছিল সমর্থকরা।
সব মিলিয়ে রিয়ালের সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতা জিদান। স্বাভাবিকভাবেই তার কাছে ভালো কিছু আশা করছে তারা। সুন্দর ফুটবল আর শিরোপা উপহার দেওয়ার ঘোষণা দিয়ে জিদানও সমর্থকদের আশ্বস্ত করেন।
তবে ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে থাকা দেপোর্তিভোর স্ট্রাইকার লুকাস পেরেস রিয়ালকে এক প্রকার হুমকিই দিয়ে রেখেছেন।
“দেপোর্তিভোর জন্য ঘটনা হচ্ছে বের্নাবেউ, জিদান কোচ; এর মানে বেশি ক্যামেরা থাকবে। কিন্তু আমি মনে করি, আমরা কাম্প নউ, ভালেন্সিয়া এবং অন্যান্য কঠিন মাঠে দেখিয়েছি যে, খেলা যেখানেই হোক আমরা ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলব।”
দেপোর্তিভোর সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য রিয়ালের পক্ষেই কথা বলে। লিগে দেপোর্তিভোর বিপক্ষে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে রিয়াল।
বের্নাবেউয়ে দেপোর্তিভোর রেকর্ড খুবই বাজে। লা লিগায় এখানে খেলা সবশেষ ৩০ ম্যাচে কেবল একটি জয় পেয়েছে তারা, সেটাও ২০০৪ সালের অক্টোবরে।
মৌসুমের শুরুটা ভালোই করেছিল রিয়াল। লিগে প্রথম ১০ ম্যাচ অপরাজিত থাকার পর গত নভেম্বরে সেভিয়া আর বার্সেলোনার কাছে হেরে তৃতীয় স্থানে নেমে যায় তারা।
গত রোববার ভালেন্সিয়ার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফেরে তারা। এই ড্রর পরই শেষ হয় রিয়ালে বেনিতেসের সাত মাসের অধ্যায়।
এই অবস্থা থেকে লিগ জেতা কঠিন বলে মানেন জিদান নিজেও। তবে এটাকে অনুপ্রেরণাদায়ী এক চ্যালেঞ্জ হিসেবেও দেখেন তিনি।
বের্নাবেউয়ে খেলা সবশেষ চার ম্যাচে ২৫ গোল করে রিয়াল। এর মধ্যে ২২টিই গোলই করে ‘বিবিসি’ নামে পরিচিত বেল-বেনজেমা-ক্রিস্তিয়ানো ত্রয়ী। প্রথম পরীক্ষায় উতরে যেতে এই তিন তারকার উপর অনেকটাই নির্ভর করতে হবে জিদানকে।
