২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ সেরা একাদশে বার্সেলোনার আধিপত্য

উয়েফার বর্ষসেরা একাদশে পাঁচ জন ফুটবলারই জায়গা পেয়েছে বার্সেলোনা থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:28 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে এই একাদশে আছেন প্লেমেকার আন্দ্রেস ইনিয়েস্তা ও দুই ডিফেন্ডার দানি আলভেস ও জেরার্দ পিকে।

আর রেকর্ড ১০ বারের মতো উয়েফার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

উয়েফা ডটকমে প্রায় ৭২ লাখ ফুটবলপ্রেমীর ভোটে ৪০ জনের তালিকা থেকে নির্বাচিত ২০১৫ সালের এই একাদশ শুক্রবার ঘোষণা করে ইউরোপের ফুটবল সংস্থাটি।

এতে স্পেনের শীর্ষ লিগ লা লিগা থেকে সর্বোচ্চ আট জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। বাকি দুই জন হলেন রিয়ালের অধিনায়ক-ডিফেন্ডার সের্হিও রামোস ও মিডফিল্ডার হামেস রদ্রিগেস। 

একাদশের বাকি তিন জনের দুজন বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের; গোলরক্ষক মানুয়েল নয়ার ও ডিফেন্ডার দাভিদ আলাবা। আর ইতালির শীর্ষ লিগ সেরি আর একমাত্র প্রতিনিধি ইউভেন্তুসের মিডফিল্ডার পল পগবা।

ইংল্যান্ডের শীর্ষ টুর্নামেন্ট প্রিমিয়ার লিগ থেকে কোনো খেলোয়াড় এই একাদশে নেই।

নেইমার, রদ্রিগেস ও পগবা এবারই প্রথম উয়েফার বর্ষসেরা একাদশে জায়গা পেলেন।

২০১৫ সালের উয়েফা একাদশ:

গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)।

ডিফেন্ডার: দাভিদ আলাবা (বায়ার্ন মিউনিখ ও জার্মানি), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ ও স্পেন), দানি আলভেস (বার্সেলোনা ও ব্রাজিল), জেরার্দ পিকে (বার্সেলোনা ও স্পেন)।

মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা ও স্পেন), পল পগবা (ইউভেন্তুস ও ফ্রান্স), হামেস রদ্রিগেস (রিয়াল মাদ্রিদ ও কলম্বিয়া)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা), নেইমার (বার্সেলোনা ও ব্রাজিল), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল)।