২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিয়েস্তাকে আদর্শ মানেন তুরান

বর্তমানের সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে ‘আদর্শ’ মানেন আর্দা তুরান। কাতালুনিয়ার এই ক্লাবে যোগ দেওয়ার আগেও স্প্যানিশ এই তারকা প্লেমেকারকেই অনুসরণ করার কথা জানিয়েছেন তুরস্কের মিডফিল্ডার তুরান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:01 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

গত জুলাইয়ে আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিলেও কাতালুনিয়া দলটির উপর ফিফার নিষেধাজ্ঞার কারণে মাঠে নামা হয়নি তুরানের। অবশেষে গত বুধবার কোপা দেল রেতে এসপানিওলের বিপক্ষে নতুন দলের হয়ে অভিষেক হয় ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।

তারই সঙ্গে আদর্শ মানা ইনিয়েস্তার পাশে খেলার স্বপ্ন পূরণ হয়েছে তুরানের।

“আমার সব সময়ের আদর্শ ইনিয়েস্তা।... তার পাশে খেলতে আমি বার্সেলোনায় যোগ দেওয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছি।”

২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের ক্লাব গালাতাসারাইয়ে খেলার পর আতলেতিকোয় যোগ দেন তুরান। দিয়েগো সিমেওনের অধীনে ২০১৩-১৪ মৌসুমে আতলেতিকোর লা লিগা জয়ে বড় অবদান ছিল তার।

ক্যারিয়ারে খুব বেশি গোল না করার জন্য মাঝে মধ্যেই সমালোচিত হন তুরান। তবে তাতে একটুও হতাশা নেই তার। এক্ষেত্রেও ইনিয়েস্তাই তার আদর্শ।

“যথেষ্ট পরিমানে গোল না করায় আমি সমালোচিত হয়েছি। কিন্তু আমি সব সময় বলি, এখানে  ইনিয়েস্তা উদাহরণ হতে পারে। তিনি মাঠে যা করেন তা শিল্প; আপনি তার গোলের দিকে তাকাতে পারেন না।”

তুরান জানান, প্রতিপক্ষ হিসেবে খেলার সময় ইনিয়েস্তাকে ফাউল করতেও খারাপ লাগত তার।