২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন না প্লাতিনি

আগামী মাসে ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ উয়েফা প্রধান মিশেল প্লাতিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 03:13 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

গত ২১ ডিসেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এথিক্স কমিটি প্লাতিনি আর ফিফা সভাপতি জেপ ব্লাটারকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। 
 
২০১১ সালে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ব্লাটারের অবৈধ উপায়ে ২০ লাখ ইউরো দেওয়ার জন্য দুজনকেই এই শাস্তি দেওয়া হয়। 
 
নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুজনই আপিল করবেন। তবে ফিফার সভাপতি নির্বাচনের আগে বিষয়টির নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নেই দেখে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান সাবেক ফরাসি তারকা ফুটবলার প্লাতিনি। 
 
“আমি ফিফা সভাপতি হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সময়টা আমার জন্য ভালো নয়। অন্য প্রার্থীদের সঙ্গে সমানভাবে লড়াই করার উপায় নেই আমার। আমাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। বিদায় ফিফা, বিদায় ফিফা সভাপতিত্ব।”
 
আগামী ২৬ ফেব্রুয়ারি সভাপতি নির্বাচনে থাকলেন, ফিফার সাবেক সহ-সভাপতি জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন, ফ্রান্সের সাবেক কুটনীতিক ও ফিফার সাবেক সহকারী সাধারণ সম্পাদক জেরোমে শঁপ্যানিয়ে, উয়েফা মহাসচিব ও ফিফার সংস্কার কমিটির সদস্য সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফা এবং দক্ষিণ আফ্রিকার রাজনীতিক ও ব্যবসায়ী টোকিও সেক্সওয়েল।
 
১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার আগামী ফেব্রুয়ারিতে সভাপতি নির্বাচনের আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। সুইস এই কর্মকর্তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল ৬০ বছর বয়সী প্লাতিনিকে।
 
গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার কয়েক দিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।
 
গত অক্টোবরের শুরুতে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন প্লাতিনি। তার ক’দিন পরেই ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সংস্থাটির এথিক্স কমিটি।