২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার বর্ষসেরা আউবামেয়াং

ইয়াইয়া তুরেকে পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন গ্যাবনের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 02:36 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

নাইজেরিয়ার আবুজায় গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) ২০১৫ সালের সেরা ফুটবলার হিসেবে আউবামেয়াংয়ের নাম ঘোষণা করে।

জার্মানির বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আউবামেয়াং ১৪৩ ভোট পেয়েছেন। আফ্রিকার চার বারের বর্ষসেরা ম্যানচেস্টার সিটির তুরে পেয়েছেন ১৩৬ ভোট।

ঘানা আর সোয়ানসির মিডফিল্ডার আন্দ্রে আইয়ু ১১২ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন।

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচন করতে ভোট দেন এই অঞ্চলের দেশগুলোর জাতীয় দলের কোচ ও টেকনিক্যাল পরিচালকরা।

জাতীয় দলের হয়ে গত বছরটি অবশ্য ভালো যায়নি আউবামেয়াংয়ের। তার নেতৃত্বে আফ্রিকান নেশন্স কাপে খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে গ্যাবন।

ডর্টমুন্ড গত মৌসুমে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করে। তবে গত বছর ক্লাবের হয়ে অসাধারণ খেলেন আউবামেয়াং। ২০১৫ সালে বুন্দেসলিগায় ২৯টি গোল করেন; এর মধ্যে ১৮টিই এ মৌসুমে করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। এ ছাড়া গত বছর ইউরোপা লিগে ৭ গোল করেন আউবামেয়াং।

১৯৭০ সালে আফ্রিকার বর্ষসেরা পুরস্কার চালু হওয়ার পর এবারই প্রথম গ্যাবনের কোনো খেলোয়াড় পুরস্কারটি জিতলেন। বুন্দেসলিগার কোনো খেলোয়াড়ও এই প্রথম আফ্রিকার বর্ষসেরা হলেন।

পুরস্কার হাতে নিয়ে আউবামেয়াং বলেন, “আমি গ্যাবনের মানুষকে ধন্যবাদ জানাই; এই পুরস্কার তাদের জন্য। আমি আমার জাতীয় দল আর ডর্টমুন্ডের সতীর্থদের ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রমই আমাকে গোলগুলো করতে সাহায্য করে। আফ্রিকার তরুণদের বাবা-মাকে বলব, আপনাদের সন্তানকে ওদের স্বপ্নগুলো সত্যি করার একটা সুযোগ দিন।”

গত বছর আফ্রিকান নেশন্স কাপ জয়ী কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) অধিনায়ক তুরে এবার পুরস্কারটি জয়ে অন্যতম ফেভারিট ছিলেন। এবার জিততে পারলে এককভাবে সবচেয়ে বেশি বার আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জেতা ফুটবলার হয়ে যেতেন তিনি।

তুরে ছাড়াও চারবার আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনা ও ক্যামেরুনের সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল এতো।

পুরস্কার জয়ের জন্য আউবামেয়াংকে শুভেচ্ছা জানালেও নিজের হতাশা লুকাতে পারেননি তুরে।

“আমি সত্যিই হতাশ। কিন্তু আমি বেশি অভিযোগ করতে চাই না। আমি শুধু আউবামেয়াংকে কৃতিত্ব দিতে চাই – এ বছর তুমি দারুণ করেছো।”

ইউরোপে জন্ম নেওয়া আফ্রিকার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই অঞ্চলের বর্ষসেরা পুরস্কার জিতলেন আউবামেয়াং। তার আগে ইউরোপে জন্ম নেওয়া আফ্রিকানদের মধ্যে এই পুরস্কার জেতেন ফ্রেদেরিক কানুতে। প্যারিসে জন্ম নেওয়া কানুতে মালির ফুটবলার ছিলেন।

২৬ বছর বয়সী আউবামেয়াংয়ের বাবা ছিলেন গ্যাবনের সাবেক অধিনায়ক। আর ক্লাব ফুটবল খেলতেন ফ্রান্সে। স্প্যানিশ মায়ের ছেলে আউবামেয়াংয়ের জন্ম হয় ফ্রান্সে। তবে বেড়ে ওঠেন ইতালিতে।