‘জিদানকে সর্বেসর্বা মানতে হবে রোনালদোর’
রিয়াল মাদ্রিদের মূল কোচ হিসেবে জিনেদিন জিদানের সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটির সাবেক কোচ ভান্দেরলেই লুক্সেমবুর্গো। তবে অভিজ্ঞ এই কোচ মনে করেন, সাফল্যের জন্য দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে মেনে নিতে হবে যে জিদানই রিয়ালে সর্বেসর্বা।
খেলোয়াড়ি জীবনে জিদানও এক সময় ড্রেসিং রুমের নেতা ছিলেন। তখন ১১ মাসের ছোট মেয়াদে রিয়ালের কোচ ছিলেন লুক্সেমবুর্গো। সে সময় তিনি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে কাছ থেকে দেখেছিলেন।
সে অভিজ্ঞতা থেকেই লুক্সেমবুর্গোর অভিমত, রোনালদোকে বুঝতে হবে যে জিদানের মধ্যে নেতা হওয়ার সব গুণই আছে এবং ফুটবল সম্পর্কে তিনি অনেক জ্ঞান রাখেন।
“ড্রেসিং রুম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলোয়াড়দের দখলে থাকে। তারপর এটা কোচের। ক্রিস্তিয়ানো রোনালদো যদি ভাবে, সে কোচ; তাহলে এটা কঠিন হবে। তাকে বুঝতে হবে যে, সে এক জন খেলোয়াড়, কোচ নয়। কোচ হলেন জিদান।”
“মেসি শুধুই এক খেলোয়াড়। পেপ গুয়ার্দিওলার অধীনে সে খেলোয়াড় ছিল এবং বর্তমানে লুইস এনরিকের অধীনেও সে এক জন খেলোয়াড়। সে এক জন তারকা; কিন্তু খেলোয়াড়। এটাই তার সীমানা।”
