মেসিদের ঘুরে দাঁড়ানোয় খুশি বার্সা কোচ
নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে শিষ্যরা ঘুরে দাঁড়াতে পারায় খুশি লুইস এনরিকে। ম্যাচে নিজের দলের আধিপত্য বোঝাতে সবাইকে স্কোরবোর্ডটা দেখতে বলেছেন বার্সেলোনা কোচ।
নিজেদের মাঠ কাম্প নউয়ে গত বুধবার স্প্যানিশ কাপের শেষ ষোলোর প্রথম পর্বে এসপানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।
ম্যাচ শেষে এনরিকে বলেন, “আমাদের আধিপত্যের প্রতিফলন স্কোরবোর্ডে।”
স্পেনের লা লিগার সবশেষ ম্যাচে এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। সব কিছু পেছনে ফেলে বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর পর শিষ্যদের প্রশংসায় ভাসান এনরিকে।
“আমরা ভালো খেলেছি এবং এই ম্যাচে নিজেদের লক্ষ্য অর্জন করেছি আমরা।”
দলকে বড় জয় এনে দিতে মেসি করেন জোড়া গোল। একটি করে গোল করেন জেরার্দ পিকে ও নেইমার। তবে ম্যাচ শেষে আলাদা করে আন্দ্রেস ইনিয়েস্তার প্রশংসা করেন এনরিকে।
“সে একজন জাদুকরী খেলোয়াড়।”
এসপানিওলের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বার্সেলোনা দলে অভিষেক হয়েছে আর্দা তুরান ও আলেইশ ভিদালের। নতুন কোনো খেলোয়াড়কে নিবন্ধন করানোর উপর ফিফার নিষেধাজ্ঞা শেষ হওয়াতেই এ দুজনকে মাঠে নামাতে পারেন বার্সেলোনা কোচ।
তুরান আর ভিদালের খেলা ভালো লেগেছে বলে জানান এনরিকে।
