২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনিতেসের বরখাস্ত হওয়ায় বিস্মিত নন এনরিকে

রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে রাফায়েল বেনিতেস বরখাস্ত হওয়ায় বিস্মিত হননি বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:18 AM

Updated : 12 Apr 2022, 01:10 AM

রিয়ালের বাজে পারফরম্যান্সের কারণে দায়িত্ব দেওয়ার সাত মাসের মধ্যেই বেনিতেসকে গত সোমবার বরখাস্ত করে রিয়াল। একই দিন নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানকে দায়িত্ব দেওয়া হয়। ক্লাবটির সাবেক তারকার সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করেছে রিয়াল।

বেনিতেসের এভাবে বরখাস্ত হওয়া আধুনিক ফুটবলের অংশ বলেই মনে করেন এনরিকে।

“রিয়াল মাদ্রিদের বেনিতেসকে বরখাস্ত করার সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি। আধুনিক ফুটবলে বিষয়গুলো এ রকমই। এটা নতুন কিছু নয়। কোচেদের প্রতি এটা অন্যায় বলে মনে হয় না আমার। এটা একটা ঝুঁকি, যা এই পেশার সঙ্গেই আসে। কোচিং কোর্স করানোর সময়ই আমাদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। আমরা জানি, এমনটা হতে পারে এবং আমরা সবাই তা মেনেও নেই।”

স্প্যানিশ কাপের শেষ ষোলোতে আগামী বুধবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের মুখোমুখি হবে গত মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনা। এর আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “যারা বরখাস্ত হয়, তাদের জন্য বিষয়টি দু:খজনক। একই সময়ে যে চাকরিটা পায়, তার জন্য এটা কিছুটা ইতিবাচক।”