সুন্দর ফুটবলের প্রতিশ্রুতি জিদানের
সমর্থকদের ‘সুন্দর ফুটবল’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদান।
রাফায়েল বেনিতেসকে সরিয়ে গত সোমবার সাবেক তারকা ফুটবলার জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয় রিয়াল। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক প্লেমেকারের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।
ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের নিয়ে মঙ্গলবার কোচ হিসেবে প্রথমবারের মতো রিয়ালের অনুশীলনে নামেন জিদান। এর পর রিয়ালের কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে সমর্থকদের আশ্বস্ত করেন তিনি।
“মাদ্রিদে ভালো ফুটবল, সুন্দর ফুটবল খেলাটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। আমিও সে ভাবে এগোবো। খেলাটা আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ হতে হবে। সেরা হতে আমরা কঠোর পরিশ্রম করব।”
প্রথম দিনের অনুশীলন শেষে জিদান জানান, দলকে তার মনোযোগীই মনে হয়েছে। আর সবাই খুব খুশিও।
