সাফ ফুটবলের ব্যর্থতা ঘোচাতে চান জাহিদ-জুয়েল
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা এখনও তাড়া করে ফিরছে বাংলাদেশ দলকে। ত্রিভান্দ্রামের ব্যর্থতা ভুলতে নিজেদের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো করার তাগিদ অনুভব করছেন জাহিদ-জুয়েল-হেমন্তরা।
আগামী শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গোল্ড কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ লক্ষ্যে সোমবার যশোরের পথে রওনা দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। রওনা দেওয়ার আগে গোল্ড কাপের লক্ষ্য নিয়ে কথা বলেন ফুটবলাররা।
শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপে চার গোল করে চট্টগ্রাম আবাহনীর শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন জাহিদ হোসেন। কিন্তু সাফ ফুটবলে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। সাফ ফুটবলের ব্যর্থতা ভুলতে উন্মুখ হয়ে আছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“সাফে আমরা হয়ত খুব খারাপ খেলেছি; নিজেকে দেখাতে পারিনি; গোল্ড কাপে অবশ্যই ভালো খেলতে হবে।”
সাফ ফুটবলের ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়ন করতেও ভোলেননি জাহিদ, “সাফে চেষ্টা করেছিলাম ভালো খেলার; হয়ত খেলতে পারিনি। কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে আমার আশার শেষ নেই।”
ত্রিভান্দ্রামের আসরে সেরা একাদশে জায়গা পাননি জুয়েল রানা। বদলি হিসেবে নেমেও আলো ছড়াতে পারেননি ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে ভালো খেলে গোল্ড কাপে সেরা হওয়ার স্বপ্ন তার চোখে।
“প্রস্তুতি ভালো। লক্ষ্য তো চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু মুখে বলতে তো আর হবে না, খেলে চ্যাম্পিয়ন হতে হবে। ভালো কিছু করার চেষ্টা করব আমরা।”
শিরোপা জয়ের হিসেবটা এখনই করতে চাইছেন না হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। গ্রুপের তিন প্রতিপক্ষের দিকে তাকিয়ে আশাবাদী এই মিডফিল্ডার আপাতত ফাইনালে ওঠার লক্ষ্য ঠিক করার পক্ষে।
“আমাদের গ্রুপটা ভালোই। আমরা (ফাইনালে) ওঠার মতো গ্রুপে আছি। বঙ্গবন্ধু গোল্ড কাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাফের ব্যর্থতা ঢাকতে হলে এ আসরে আমাদের ভালো করতেই হবে। গতবার ফাইনালে উঠিছিলাম; এবারও ফাইনালে খেলার আশা করি।”
গোল্ড কাপে গ্রুপের পরের দুই ম্যাচে ১২ ও ১৪ জানুয়ারি যথাক্রমে মালয়েশিয়া ও নেপালের সঙ্গে খেলবে। ম্যাচ দুটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
