২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেইমারের বর্ষসেরা হওয়া সময়ের ব্যাপার’

নেইমারের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জেতাটা সময়ের ব্যাপার বলে মনে করেন তার ব্রাজিল দল সতীর্থ কাকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 07:41 PM

Updated : 25 Jul 2022, 09:17 PM

এ বছরের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নেইমারের সঙ্গে আছেন তার বার্সেলোনা সর্তীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আগামী ১১ জানুয়ারি জুরিখে মেসির হাতেই পঞ্চম বারের মতো পুরস্কার উঠবে বলেই বেশিরভাগের ধারণা।

একটা সময় ফিফার বর্ষসেরা পুরস্কারে ব্রাজিলের ফুটবলারদের আধিপত্য বেশি ছিল। ১৯৯৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রাজিলের রোমারিও, রিভালদো, রোনালদো, রোনালদিনিয়ো ও কাকা মিলে মোট আট বার এই পুরস্কার জেতেন। তার মধ্যে রোনালদো তিন বার, রোনালদিনিয়ো দুই বার এবং বাকি তিন জন একবার করে পুরস্কারটি জেতেন। সবশেষ ২০০৭ সালে জেতেন কাকা।

তারপর থেকে গত সাত বছরের মধ্যে চারবার মেসি আর তিনবার পুরস্কারটি জেতেন রোনালদো। তবে নেইমারের মাধ্যমেই আবার ব্রাজিলের কোনো ফুটবলারের হাতে পুরস্কারটি উঠবে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক তারকা মিডফিল্ডার কাকা।

“ইউরোপে খেলতে যাওয়ার পর থেকে নেইমার অনেক উন্নতি করেছে; তার খেলা অনেক বেশি পরিণত। তার শীর্ষে ওঠাটা এখন শুধু সময়ের ব্যাপার।”

ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হতো বিশ্বের সেরা ফুটবলারকে। ২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে।