বেনিতেসের প্রশংসা পেলেন রোনালদোরা
১০ জনের দল হয়ে পড়ার পরও ভালেন্সিয়ার সঙ্গে ড্র করতে পারায় শিষ্যদের প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেস।
স্পেনের লা লিগায় গত রোববার প্রতিপক্ষের মাঠে দুবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ফেরে রিয়াল।
দারুণ এক প্রতি-আক্রমণে উঠে আসা ভালেন্সিয়ার পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে বাজেভাবে ফাউল করায় ৬৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন রিয়ালের মিডফিল্ডার মাতেও কোভাসিচ। ম্যাচে তখন ১-১ গোলের সমতা ছিল।
এক জন খেলোয়াড় কম থাকার পরও ৮২তম মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে পরের মিনিটেই আবার সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচ শেষে বেনিতেস বলেন, “শুধু ফল দেখলে ভুল হবে। খেলোয়াড়রা যে প্রচেষ্টা দেখিয়েছে তাতে অনেক প্রশংসা প্রাপ্য তাদের।”
