আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
এগিয়ে গিয়েও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখতে পারেনি আফগানিস্তান। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন ভারতের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
এ নিয়ে সপ্তমবারের মতো সাফ ফুটবলের শিরোপা নিজেদের করে নিল ভারত। এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯ ও ২০১১ সালে এ আসরের শিরোপা জিতেছিল তারা।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে রোববারের জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো ভারতের। নেপালের গত আসরে আফগানিস্তানের কাছে হেরেই মুকুট হারিয়েছিল ছেত্রিরা।
চতুর্দশ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ নষ্ট হয় ভারতের। বাম দিক থেকে আক্রমণে যাওয়া হলিচরণ নাজারির শট আফগানিস্তানের আমিরির পায়ে লেগে গোলমুখে ছোটার পথে ফেরান আফগানিস্তানের গোলরক্ষক ওভাইস আজিজি। ফিরতি বলে জেজে লালপেখলুয়ার হেড পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর সুনিল ছেত্রির প্রচেষ্টাও লক্ষ্যে থাকেনি।
আফগানিস্তানের রক্ষণে চাপ ধরে রেখেই খেলতে থাকে স্বাগতিকরা। ৩৩তম মিনিটে গোলের আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় স্টিফেন কনস্ট্যানটিনের শিষ্যরা। এবার বক্সের জটলার মধ্যে ছেত্রির নেওয়া দুর্বল শট ঠিকানা খুঁজে পায়নি।
৪০তম মিনিটে ফয়সাল শায়েস্তার চেষ্টা ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি আফগানিস্তানেরও। সতীর্থের ক্রসে এই মিডফিল্ডারের ব্যাক ফ্লিক লক্ষ্যে থাকেনি।
প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ হারায় ভারত। বক্সের মধ্যে জেজেকে বল বাড়িয়ে ভেতরে এগিয়ে গিয়েছিলেন ছেত্রি কিন্তু জেজের বাড়ানো বলে পা ছোঁয়ানোর আগেই তা গ্লাভসবন্দি করেন আফগানিস্তান গোলরক্ষক।
৫১তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ভারত। মুস্তফা জাজাইয়ের শটে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সান্ধু সিং।
৫৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ থেকে আবারও বঞ্চিত হয় ভারত। এবার জেজের একটু তুলে মারা বল ওপরের পোস্টে লেগে ফেরে।
৬৯তম মিনিটে শিরোপাধারীরা এগিয়ে যায় জুবায়ের আমিরির দারুণ গোলে। ফয়সালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন আফগানিস্তানের এই মিডফিল্ডার।
দুই মিনিট পরই ভারতকে সমতায় ফেরান জেজে। ছেত্রির হেড করে বাড়ানো বল মাপা ভলিতে আফগানিস্তান গোলরক্ষককে ফাঁকি দেন স্বাগতিক এই ফরোয়ার্ড। ত্রিভান্দ্রামের গ্যালারিতে ভারত সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
৬৭তম মিনিটে বক্সের একটু ওপরে পাওয়া ফ্রি কিক ভারত কাজে লাগাতে পারেনি আফগানিস্তান গোলরক্ষকের দৃঢ়তায়। ছেত্রির শট লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে ফেরান আজিজি।
নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের একাদশ মিনিটে ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে আফগানিস্তান। বক্সের মধ্যে থেকে ছেত্রির দুর্বল শট আগুয়ান আফগান গোলরক্ষককে পরাস্ত করে।
শেষ দিকে বক্সের মধ্যে ভারতের অর্ণব মন্ডলের হাতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে আফগানিস্তান। খেলাও থেমে থাকে কিন্তু রেফারির সাড়া না মেলায় হঠাৎই খেলা শুরু হলে আফগানিস্তানের এক ফুটবলারের শট পোস্টে লেগে ফেরে।
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ডাগ আউট ছাড়তে হয় আফগানিস্তান কোচ পিটার সেগ্রেটকে। আর শেষ পর্যন্ত মুকুট হারিয়ে মাঠ ছাড়তে হয় হাশেমি-আজিজিদের।
