কোচ হতে চান না রোনালদো
ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার ইচ্ছে নেই রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। ফুটবলের ব্যস্ততা থেকে বরং দূরে থাকারই ইঙ্গিত দিলেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার।
ডাগআউটের জীবন একদমই টানে না রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডকে। শুধু কোচিং ক্যারিয়ারের প্রতিই নয়, কোনো দলের সভাপতি হওয়াতেও আপত্তি আছে পর্তুগিজ এই ফুটবলারের।
৩০ বছর বয়সী এই তারকা জানান, ফুটবলের বাইরে অনেক কিছুর প্রতি তার আগ্রহ আছে। বুট জোড়া তুলে রাখার পর সেগুলো নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।
এমন অনাগ্রহের কারণ হিসেবে স্পেনের দৈনিক পত্রিকা এল মুন্দোকে রোনালদো বলেন, “আপনি বলতে পারেন, আপনার সেরা চাকরি আছে, টাকা, গাড়ি, বাড়ি আছে... কিন্তু এটাই সব কিছু নয়। একটা উদাহরণ; শনিবার লাস ভেগাসে একটা বক্সিং ম্যাচ আছে এবং আমি পরিবার ও বন্ধুদের নিয়ে সেখানে যেতে চাই, কিন্তু আমার সময় নেই। কিন্তু (ফুটবলের) পরে আমি রাজার মতো বাঁচতে চাই।”
