২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা কোচের মুখে এসপানিওলের প্রশংসা

নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ড্রটা মেনে নিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। আর কাতালুনিয়া ক্লাবটির মিডফিল্ডার ইভান রাকিতিচ এই ফলের জন্য ভাগ্যকে দুষছেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 01:23 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

অদম্য বার্সাকে রুখে দিল এসপানিওল

এসপানিওলের মাঠে গত শনিবার স্পেনের লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসপানিওলকে প্রশংসায় ভাসান এনরিকে, “(এসপানিওল) আজ বেশ ভালো করেছে।”

এসপানিওল বিশেষ করে রক্ষণে ভালো খেলেছে বলে উল্লেখ করেন এনরিকে।

“তারা আমাদের চাপে রেখেছে এবং ম্যাচটি আমাদের জন্য কঠিন করে দিয়েছে। বিশেষ করে ম্যাচের শুরুতে। দ্বিতীয়ার্ধের শুরুটা আমাদের বেশ ভালো ছিল।”

ম্যাচের ফল নিয়ে অবশ্য আক্ষেপ নেই বার্সেলোনা কোচের।

“আমরা প্রচুর সুযোগ তৈরি করার পরও এই ফল দুই দলের জন্যই ঠিক আছে।”

বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিতিচ অবশ্য এই ফল মেনে নিতে পারছেন না। বিশেষ করে গোলের সুযোগ নষ্ট করা আর দুবার বল পোস্টে লাগার বিষয়টি নিয়ে বেশ হতাশ ক্রোয়েশিয়ার এই তারকা।

“কখনও কখনও বল যেন ভেতরে যেতেই চায় না।”

৩৬তম মিনিটে লিওনেল মেসির বাঁকানো ফ্রি-কিক এসপানিওল গোলরক্ষক বুঝতেই পারেননি। তবে বল গিয়ে ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হয় বার্সেলোনা। এর পর ৫৫তম মিনিটে ৬ গজ দূর থেকে নেওয়া লুইস সুয়ারেসের বাঁ পায়ের শটও পোস্টে লাগলে হতাশ হতে হয় বার্সাকে।