নিউক্যাসলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত আর্সেনালের
কষ্টে হলেও জয় দিয়েই নতুন বছর শুরু করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশীরা।
লিগের প্রথম পর্বে নিউক্যাসলের মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছিল আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার ম্যাচের ষষ্ঠদশ মিনিটে প্রথম সুযোগ পায় নিউক্যাসল। তবে জিওর্জিনিয়ো ভেইনালডামের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খেয়ে থাকার রেকর্ডের মালিক পেতর চেক।
দ্বিতীয়ার্ধের শুরুতে চেকের নৈপুণ্যে আবারও বেঁচে যায় আর্সেনাল। ডি বক্সের মধ্যে ভেইনালডামের সামনে একমাত্র বাধা ছিলেন চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক। কিন্তু তাকে ফাঁকি দিতে পারেননি ডাচ মিডফিল্ডার।
৭২তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন লরেন্ত কোসিয়েলনি। স্বদেশি ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এই ফরাসি ডিফেন্ডার।
এই জয়ে এবং দিনের অন্য ম্যাচে লেস্টার সিটি পয়েন্ট হারানোয় আর্সেনালের শীর্ষস্থান মজবুত হয়েছে। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪২।
আর বোর্নমাউথের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করা লেস্টারের পয়েন্ট ৪০।
দীর্ঘ আট ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লুইস ফন খালের শিষ্যরা।
দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরে গেছে লিভারপুল। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৩০।
