চয়নকে ছাড়াই হকির দল
এসএ গেমসের বাংলাদেশ হকি দল থেকে ছিটকে পড়েছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন।
শনিবার বাংলাদেশ হকি ফেডারেশন ১৮ জনের চূড়ান্ত দল দেয়। চয়ন ও কামরুজ্জামান রানাকে রাখেননি কোচ মাহবুব হারুন।
দুই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়া নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোচ হারুণ বলেন, “ওদের ফিটনেস আর পারফরম্যান্স সন্তোষজনক নয়। যারা দলে ঠাঁই পেয়েছে, তারা ওদের চেয়ে এ দিকগুলোয় এগিয়ে।”
গত সেপ্টেম্বরে জুনিয়র এশিয়া কাপ হকি শেষ করে আসার পর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এসএ গেমসের জন্য অনুশীলন করছে হকি দল।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে হবে এসএ গেমসের দ্বাদশ আসর।
চূড়ান্ত দল: সারোয়ার হোসেন (অধিনায়ক), অসীম গোপ (সহকারী অধিনায়ক), জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, খোরশেদুর রহমান, তাপস বর্মন, হাসান জুবায়ের নিলয়, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, মইনুল ইসলাম, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণ কুমার দাস।
