২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বাংলাদেশে

সাফ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের আয়োজক হচ্ছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ এ আসর মাঠে গড়ানোর কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 07:56 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

শনিবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভায় ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। 
 
প্রস্তাবে সম্মতি দেয় সদস্যরা ও ২০১৭ সাল পর্যন্ত সাফের স্পন্সর প্রতিষ্ঠান ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ (ডব্লিউএসজি)।
 
আগামী ডিসেম্বরে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
 
“আমি ভাবিনি স্পন্সররা আমাদেরকে এই ক্লাব চ্যাম্পিয়নশিপের আসরটা আয়োজন করতে দেবে। আমরা নীতিগতভাবে স্বাগতিক হতে রাজি। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে সভা ডেকে এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে।”
 
“ক্লাব চ্যাম্পিয়নশিপ আমার স্বপ্ন ছিল। ইউরোপিয়ান আদলে কিছু করা যায় কিনা…শেষ পর্যন্ত সাফ তা করতে যাচ্ছে। এক বছর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে, পরের বছর হবে ক্লাব চ্যাম্পিয়নশিপ; এভাবেই এগিয়ে যাবে সাফের কার্যক্রম,” যোগ করেন তিনি।
 
স্বাগতিক বাংলাদেশের দেশের দুটি দলসহ মোট আট দল নিয়ে হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর।