২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোকে শিরোপার দাবিদার ভাবছেন বার্সা কোচ

২০১৫ সালের সাফল্য এ বছরও পেতে চায় বার্সেলোনা। তবে স্পেনের লা লিগা জয়ের পথে শুধু রিয়াল মাদ্রিদ নয়, আতলেতিকো মাদ্রিদকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 05:21 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। 
 
২০১৩-১৪ মৌসুমে লা লিগার শিরোপা জয়ের পথে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ দুই দলকেই হারায় আতলেতিকো। দিয়েগো সিমেওনের দল এবারও খুব ভালোভাবেই শিরোপা লড়াইয়ে আছে বলে মনে করেন এনরিকে। 
 
“আমি নিশ্চিত যে, আতলেতিকো শিরোপার দাবিদার। আতলেতিকো এরই মধ্যে দেখিয়েছে যে, তারা কতটা ভালো। আমি নিশ্চত, তারা লিগ জয়ের চ্যালেঞ্জ জানাবে।”
 
সাফল্যে মোড়া ২০১৫ সালে পাঁচটি শিরোপা জেতে বার্সেলোনা। নতুন বছরে আরও সাফল্য চায় এনরিকের দল। 
 
“আমাদের লক্ষ্য হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়া, নিজেদের খেলার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উন্নতি করা এবং মৌসুমের শেষে এসে এমন একটা জায়গায় থাকা, যেখানে সবকিছু জয়ের সুযোগ থাকবে।”
 
লা লিগায় শনিবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর নিজেদের মাঠে লেভান্তের মুখোমুখি হবে আতলেতিকো।