২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতে দুর্দান্ত বার্সার সামনে এসপানিওল

পাঁচ শিরোপা জয়ে দুর্দান্ত একটি বছর কাটলেও তাতে বুঁদ হয়ে থাকতে নারাজ লুইস এনরিকে, শিষ্যদের বরং নতুন বছরটাকেও সাফল্যমণ্ডিত করার তাড়া দিয়েছেন বার্সেলোনা কোচ। সে লক্ষ্যে বছরের প্রথম ম্যাচে এসপানিওলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 05:27 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের অসাধারণ নৈপুণ্যে অদম্য হয়ে ওঠা বার্সেলোনার সামনে পয়েন্ট তালিকার ত্রয়োদশ স্থানে থাকা এসপানিওল মোটেও বড় কোনো প্রতিপক্ষ নয়।

নগর প্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচটি এসপানিওলের মাঠে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে।

এখানেই যা একটু ভাবনার বিষয় ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার; তিন মাস হতে চলল ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি এসপানিওল। এখানে লিগের শেষ চার ম্যাচের দুটিতে জিতেছে ও দুটিতে ড্র করেছে তারা। এই আত্মবিশ্বাসে মেসিদের বিপক্ষে ভালো কিছুর স্বপ্ন দেখতে পারে দলটি।

বার্সেলোনা কোচ এনরিকে তাই বরাবরের মতোই সতর্ক। সামান্য ভুলেও বড় মূল্য দিতে হতে পারে। সাফল্যধারা ধরে রাখতে তাই শিষ্যদের কঠিন পরিশ্রম করে যাওয়ার পরামর্শ দিলেন।

এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্স এক কথায় চমৎকার। লিগে শেষ ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে তারা। মেসিদের বিপক্ষে এসপানিওলের সবশেষ জয় সেই ২০০৭ সালে; সেবার ৩-১ জিতেছিল তারা।

লা লিগায় এসপানিওলের বিপক্ষেই বার্সেলোনার জয় সবচেয়ে বেশি; সর্বমোট ৯৩ বার। তাই অঘটনের স্বপ্ন দেখলেও সেটা বাস্তবে রূপ দিতে নিজেদেরকেও সামর্থ্যকেও ছাড়িয়ে যেতে হবে ১৭ ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া এসপানিওলকে।

একপেশে লড়াইয়ের জোরালো সম্ভাবনার এই ম্যাচে মূল আলোটা হয়তো থাকবে মেসির উপর। ২০০৪ সালের ১৬ অক্টোবর এসপানিওলের মাঠেই বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল আর্জেন্টাইন তারকার। তারপর ধীরে ধীরে বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে ওঠা এই ফরোয়ার্ড বুধবার রাতে স্পর্শ করেন ক্লাবের হয়ে ৫০০তম ম্যাচ। অনন্য মাইলফলকটি ছোঁয়ার ম্যাচে করেন ৪২৫তম গোল।

দারুণ ছন্দে থাকা মেসিকে ঘিরে এসপানিওলের দুর্ভাবনার জায়গা আছে আরও; লিগে নগর প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ ১৩টি গোল তার। দলটির বিপক্ষে বার্সেলোনার শেষ ১২ গোলের মধ্যে মেসি একাই করেছেন ৬টি।

তাই সাম্প্রতিক সময়ের মতো মেসি আবারও জ্বলে উঠলে এসপানিওলের অঘটনের স্বপ্ন বড় ধাক্কাই খাবে। আর চারবারের বিশ্বসেরার সঙ্গে তো নেইমার-সুয়ারেস আছেই।