২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনাইটেডের সমর্থকেরাই সেরা’

ক্যারিয়ারে অনেক বড় দলের কোচিং করানো লুইস ফন খালের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরাই সবচেয়ে সেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 04:02 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

সোয়ানসি সিটির বিপক্ষে ইপিএলের ম্যাচের আগের এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড সমর্থকদের ‘চমৎকার’ বলে প্রশংসা করেন ফন খাল।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত আট ম্যাচে জয়শূন্য থাকায় ডাচ এই কোচ গণমাধ্যমে সমালোচনায় মুখে পড়েছেন। এরই মধ্যে ইউনাইটেড লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে, ছিটকে পড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই। লিগ কাপ থেকে তো আগেই ছিটকে গেছে দলটি।

তারপরও সমর্থকেরা পাশে থাকায় দারুণ খুশি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও আয়াক্স আমস্টারডামের সাবেক এই কোচ।

“আমার সব ক্লাবে খারাপ সময় ছিল এবং আমাকে বলতেই হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা সেরা। এ রকম কঠিন সময়ে তারা খেলোয়াড়দের পারফরম্যান্সে করতালি দেয়; এটা চমৎকার।”

খারাপ সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সোয়ানসির বিপক্ষে খেলতে নামবে ইউনাইটেড। ইপিএলের ১৯ রাউন্ড শেষে ষষ্ঠ স্থানে থাকা দলটির পয়েন্ট ৩০।