২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফের ফাইনালে মুখোমুখি ভারত-আফগানিস্তান

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়ের শেষ ধাপে পৌঁছে গেছে আফগানিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সফলতম দল ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 09:59 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে মালদ্বীপকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক ভারত। আর শেষ চারের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় গতবারের চ্যাম্পিয়নরা।

ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ২৫তম মিনিটে হেড করে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে এগিয়ে দেন সুনিল ছেত্রি। আট মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করে ফরোয়ার্ড জেজে লালপেখলুয়া।

প্রথমার্ধের যোগ করা সময়ে আহমেদ নাশিদ ব্যবধানে কমিয়ে মালদ্বীপকে লড়াইয়ে ফেরান। কিন্তু ৬৬তম মিনিটে ছেত্রির পাস ধরে নিজের দ্বিতীয় গোলে ফের ব্যবধান বাড়ান লালপেখলুয়া।

৭৫তম মিনিটে আমধান আলি আবারও ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও ভারতের জয়ের পথে বাধা হতে পারেনি তারা।

একই মাঠে আফগানিস্থানের বিপক্ষে অনেকটা সময় লড়াই করলেও প্রতিরোধ ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার রক্ষণ। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোলটি করেন মোহাম্মদ হাশেমি।

আর দ্বিতীয়ার্ধে শুরু হয় গোল উৎসব। একে একে জালে বল জড়ান কানিশচকা তাহের, খাইবার আমানি, আহমাদ হাতিফি ও ফয়সাল।

আগামী রোববার এই মাঠেই শিরোপা লড়াইয়ে নামবে দল দুটি।