২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স ফুটবলের বর্ষসেরা একাদশে মেসি-নেইমার-রোনালদো

ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরা একাদশের আক্রমণভাগে বার্সেলোনার জুটি লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এই তিন তারকা।

ফ্রান্স ফুটবল এখন ফিফার সঙ্গে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে।

বর্ষসেরা দলে সর্বোচ্চ সাত জন খেলোয়াড় জায়গা পেয়েছে স্পেনের লা লিগা থেকে। এর মধ্যে স্পেনের সফলতম ক্লাব রিয়াল থেকে আছেন কেবল রোনালদোই।

মেসি ও নেইমারের সঙ্গে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও ডিফেন্ডার দানি আলভেস।

বর্ষসেরা দলে সুযোগ পাওয়া লা লিগার বাকি দুই খেলোয়াড় সেভিয়ার মিডফিল্ডার গিরজাগোস ক্রাইকোভিয়াক ও আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার দিয়েগো গদিন।

এই দলের গোলপোস্ট আগলানোর জন্য রাখা হয়েছে ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফনকে। সেরি আ থেকে সুযোগ পাওয়া আরেকজন তার সতীর্থ ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি।

জার্মানির বুন্দেসলিগা থেকে এই দলে আছেন মাত্র একজন, বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার দাভিদ আলাবা। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এ দলে সুযোগ পাওয়া একমাত্র খেলোয়াড় ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

ফ্রান্স ফুটবলের বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস)

ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দিয়েগো গদিন (আতলেতিকো মাদ্রিদ), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), দাভিদ আলাবা (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), গিরজাগোস ক্রাইকোভিয়াক (সেভিয়া), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।