২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও সাফল্য চাই বার্সা কোচের

অসাধারণ একটি বছর কাটানোর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না লুইস এনরিকে। আগামীতে দলের আরও উন্নতি চান বার্সেলোনা কোচ, ভাসতে চান আরও সাফল্যের আনন্দে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:43 PM

Updated : 25 Apr 2022, 02:22 PM

নিজেদের মাঠে গত বুধবার বছরের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। এই জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে স্পেনের লা লিগার শীর্ষে থেকে বছর শেষ করল স্পেনের ক্লাবটি। 
 
রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ ১৮০ গোল করার রেকর্ড গড়েছে ২০১৫ সালে পাঁচটি শিরোপা জেতা বার্সেলোনা। ২০১৪ সালে ১৭৮ গোল করে রেকর্ডটি গড়েছিল রিয়াল। তবে দলের আরও উন্নতি করার জায়গা আছে বলে মনে করেন এনরিকে। 
 
“ভালো একটি বছর কেটেছে। আমি নয় নম্বর দেব। কারণ, আমরা সব সময়ই উন্নতি করতে পারি।”
 
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “একজন খেলোয়াড় হিসেবে সব সময় আমার দর্শন ছিল নিজের সর্বস্ব দেওয়া এবং মৌসুম শেষ হলে আমার অনুশোচনা হতো না। কোচ হিসেবেও আমার দর্শন একই।”
 
অসাধারণ সব অর্জনে পরিপূর্ণ ২০১৫ সালকে ভুলে এনরিকে আগামীতে ভালো করার দিকে নজর দিতে চান।  
 
“নির্দিষ্ট করে কোনো ভালো বা খারাপ মুহূর্ত নেই। আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি না। ২০১৫ এখন অতীতের অংশ। এতে আমার একদমই আগ্রহ নেই এবং এখন আমি ২০১৬ সালে ভালো করতে চাই।”
 
এনরিকের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তার শিষ্যরাও। মিডফিল্ডার সের্হিও রবের্তো বলেন, “আমি আশা করি, ২০১৬ সালে সব খেলোয়াড়রা সুস্থ থাকবে এবং আমরা আরও শিরোপা জিতব।”