২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু গোল্ড কাপে সহজ গ্রুপে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ড কাপে সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মুখোমুখি হবেন জামাল ভুইয়া, মামুনুল ইসলামরা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 10:10 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

আগামী ৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপিং হয় মঙ্গলবার।
 
বঙ্গবন্ধু গোল্ড কাপের এটি দ্বিতীয় আসর। প্রথমবার ছয়টি দল অংশ নিলেও এবার প্রতিদ্বন্দ্বিতা করবে আট দল। তবে বাইরাইন ও মালয়েশিয়া তাদের জাতীয় দল পাঠাচ্ছে না। বাহরাইন খেলবে ‘বাহরাইন ফুটবল টিম’ নামে, আর মালয়েশিয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ‘মালয়েশিয়া একাদশ’ নামে। 
 
‘এ’ গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছে মালয়েশিয়া (১৭০তম) স্থানে আছে তারা। এই গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ নেপালের অবস্থান ১৯২তম, আর শ্রীলঙ্কার আছে ১৯৪তম স্থানে। সাফ ফুটবলের এবারের আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়া বাংলাদেশ আছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮২তম স্থানে।
 
গতবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারলেও শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। 
 
‘বি’ গ্রুপের চার দল বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া ও বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।
 
গ্রুপ নির্ধারণী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সাফ ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, “দ্বিতীয় বঙ্গবন্ধু গোল্ড কাপ করতে পারাটা আমার জন্য বড় সন্তুষ্টির।”
 
বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম আসরের অন্যতম ভেন্যু সিলেটে এবার খেলা হচ্ছে না। ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সিলেট আর চট্টগ্রামে ভেন্যু পাওয়া যায়নি। ঢাকার বাইরে এবার যশোর জেলা স্টেডিয়ামে খেলা হবে।