২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোসিয়েদাদের বিপক্ষে ছন্দ ধরে রাখার লক্ষ্য রিয়ালের

কখনও আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া, কখনও আবার নিজেদের ছায়া হয়ে থাকা; চলতি মৌসুমে এভাবে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদের এবারের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। আর এ লক্ষ্যে স্পেনের লা লিগায় রাফায়েল বেনিতেসের দলের প্রতিপক্ষ এবার রিয়াল সোসিয়েদাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 09:27 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি শুরু হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।

মৌসুমের শুরুটা অসাধারণ করেছিল রিয়াল। লিগে প্রথম ১০ ম্যাচ অপরাজিত ছিল তারা। নভেম্বরের গোড়ার দিকে সেভিয়ার মাঠ থেকে হেরে আসার পরই ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমাদের পারফরম্যান্সে ঘটে ছন্দপতন।

এর পর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে উড়ে যায় তারা। এইবার ও গেতাফের বিপক্ষে জিতে ছন্দে ফিরলেও আবার ভিয়ারিয়ালের কাছে হেরে যায় রিয়াল। সব মিলিয়ে শিরোপা লড়াইয়েও পিছিয়ে পড়ে বেনিতেসের দল।

বড়দিনের ছুটিতে যাওয়ার আগে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে অবশ্য ছন্দে ফেরে রিয়াল। রোনালদো-বেল-বেনজেমাদের অসাধারণ পারফরম্যান্সে ঘরের মাঠে ১০-২ গোলে জেতে তারা।

ছুটি কাটিয়ে এই ছন্দ নিয়েই মাঠে ফিরতে মরিয়া ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকা রিয়াল। এক ম্যাচ কম খেলেও ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

ক্লাবের ওয়েবসাইটে রিয়ালের মিডফিল্ডার টনি ক্রুস বলেন, “আমাদের এবং সমর্থকদের জন্য আমরা সবাই ভালো করতে চাই।”

খেলোয়াড়দের মতো রিয়ালের কোচ বেনিতেসের জন্যও ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। জয় দিয়ে বছর শেষ করতে পারলে হয়ত তার উপর থেকে চাপ কিছুটা কমবে।

ভায়েকানোর বিপক্ষে ১০-২ গোলে জেতা ম্যাচ শুরুর আগেও বেনিতেসকে দুয়ো দেয় দলটির সমর্থকরা। ম্যাচে রিয়াল ২-১ গোলে পিছিয়ে পড়ার সময় তারা খেলোয়াড়দেরও দুয়ো দিয়েছিল।

এসব পেছনে ফেলে এগিয়ে যেতে চাইলেও কাজটা অতটা সহজ হবে বলে মনে হয় না। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্দশ স্থানে থাকা সোসিয়েদাদের ডিফেন্ডার দিয়েগো রেইয়েস একপ্রকার হুমকিও দিয়ে রেখেছেন।

“ফুটবলে আপনি কিছু বলতে পারেন না। অসাধারণ, বিশ্বের অন্যতম সেরা এক প্রতিপক্ষের বিপক্ষে এটা বড় একটি ম্যাচ। আমরা নিজেদের খেলাটা খেলতে চেষ্টা করব এবং আমরা যা করি সেটা করতে মনোযোগ দেব।…প্রত্যেক দলের সঙ্গেই লড়াই করতে হবে।”