২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জয়ী বার্সার লিগে জয়ে ফেরার লক্ষ্য

বিশ্ব জয়ের পর বার্সেলোনার সামনে এবার লা লিগায় জয়ে ফেরার লক্ষ্য। সে যাত্রায় দুর্দান্ত বার্সেলোনার সামনে রিয়াল বেতিস মোটেও বড় কোনো প্রতিপক্ষ নয়। তবে লিগে শেষ দুই ম্যাচে হোঁচট খাওয়ার বিষয়টি মনে রাখলে সতর্ক থাকতেই হচ্ছে লুইস এনরিকের দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 07:23 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

লিগে জয়ে ফেরার মিশনে ঘরের মাঠ কাম্প নউয়ে বাংলাদেশ সময় বুধবার রাত দেড়টায় খেলতে নামবে মেসি-নেইমাররা।

ঘরোয়া লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলে টানা তিন ম্যাচে ড্রয়ের ধাক্কা অবশ্য এরই মধ্যে দুর্দান্তভাবে কাটিয়ে উঠেছে বার্সেলোনা। জাপান থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেই ঘরে ফেরে তারা।

টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে ছিলেন না দলের সেরা দুই তারকা মেসি ও নেইমার। কিন্তু তাদের অনুপস্থিতি বুঝতেই দেননি লুইস সুয়ারেস। চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ ব্যবধানে জেতান উরুগুয়ের এই স্ট্রাইকার।

আর ফাইনালে ‘এমএসএন’ নামে পরিচিতি তারকা সমৃদ্ধ আক্রমণভাগের জ্বলে ওঠায় আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে একই ব্যবধানে জেতে বার্সেলোনা। এ বছরে এটা তাদের পঞ্চম শিরোপা।

অসাধারণ একটি বছরের শেষ লগ্নে এসে দারুণ একটি রেকর্ডের হাতছানিও থাকছে বার্সেলোনার সামনে। বুধবার ৩টি গোল করলে স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বে এ বছর এ পর্যন্ত ১৭৬ গোল করা কাম্প নউয়ের দলটি। রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে ১৭৮টি গোল করে ওই রেকর্ড গড়েছিল।

বিজয়ী বেশে বছর শেষ করার লক্ষ্যে বার্সেলোনার কিছুটা ভাবনার কারণ হতে পারে প্রতিপক্ষের মাঠে বেতিসের সাম্প্রতিক পারফরম্যান্স। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে গত সাতটি ‘অ্যাওয়ে’ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা।

পয়েন্ট তালিকার একাদশ স্থানে থাকা বেতিসের স্প্যানিশ মিডফিল্ডার আলভারো সেহুদো অবশ্য চ্যাম্পিয়নদের চমকে দেওয়ার স্বপ্ন দেখছেন।

“আমরা জানি, এটা কঠিন এবং বার্সেলোনাকে হারানো জটিল বিষয়। তবে ফুটবলে আপনি চমক দেখাতে পারেন।”

জিতলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও মজবুত থাকবে বার্সেলোনার। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৩৫, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তারা। তাছাড়া একটি ম্যাচ বেশিও খেলেছে দলটি। আতলেতিকোর সমান ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।