২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের কারণ দেখছেন না ফন খাল

দলের টানা ব্যর্থতায় দুদিন আগে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া লুই ফন খাল এবার উল্টো কথা বললেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই কোচ দায়িত্ব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 05:27 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

চেলসির সঙ্গে সোমবার রাতে নিজেদের মাঠে গোলশূন্য ড্র ম্যাচের পর ফন গাল জানান, পদত্যাগ করার কোনো কারণ নেই তার।

শিষ্যদের খেলায় সন্তুষ্টি প্রকাশ করে ডাচ এই কোচ বলেন, “খেলোয়াড়েরা যখন অনেক চাপের মুখে এমন পারফরম্যান্স করতে পারে, তখন পদত্যাগের কোনো কারণ থাকে না।”

সাত ম্যাচে জয়শূন্য থেকে চেলসির বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামা ইউনাইটেড ভক্তদের চাওয়া মতো আক্রমণাত্মক ফুটবলই খেলে। ওয়েইন রুনিরা প্রতিপক্ষের রক্ষণে ভীতিও ছড়ান, গত কয়েক ম্যাচে যেটা মোটেও করতে পারেননি তারা।

ইউনাইটেডের এই পয়েন্ট হারানোর পিছনে তাদের দুর্ভাগ্যও কিছুটা দায়ী; তৃতীয় মিনিটে হুয়ান মাতার শট ক্রসবারে লাগার পর সপ্তদশ মিনিটে অন্তনি মার্সিয়ালের জোরালো শটও পোস্টে লাগে।

স্টোক সিটির মাঠে গত শনিবার ২-০ গোলে হারের পর পদত্যাগের ইঙ্গিত দিয়ে ফন খাল বলেছিলেন, “এমন নয় যে, ক্লাবেরই আমাকে বরখাস্ত করতে হবে। কখনও কখনও আমি নিজেই তা করতে পারি।”