মালদ্বীপ পেরেছে, মামুনুলরা পারেনি
ভুটান ম্যাচ শেষ; হোটেলে ফেরা বাসের সবচেয়ে পেছনের আসনে বসে মামুনুল ইসলাম। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই; সেলফোন নিয়ে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক। ছোট্ট এই দৃশ্য যেন বলে দিল, অধিনায়কের মতো বাংলাদেশের ফুটবলও পেছনের বেঞ্চে চলে যাচ্ছে!
তাজ হোটেলের লবিতে দেখা মেলে মালদ্বীপ অধিনায়ক আশফাক আহমেদের। সাফ ফুটবলের সর্বোচ্চ ২২ গোল করা মালদ্বীপের এই ফরোয়ার্ড সাংবাদিকদের জোরাজুরিতে মামুনুলদের মূল্যায়ন করতে গিয়ে ‘বাংলাদেশের মাঝ মাঠ সবচেয়ে ভালো’ বলেন। মামুনুলদের নিয়ে কথা বলেছেন দলটির কোচ রিকি হার্বার্ট। একটু একটু করে মালদ্বীপের সামনের বেঞ্চের দিকে চলে আসার গল্পটাও শুনিয়েছেন নিউ জিল্যান্ডের এই কোচ।
মালদ্বীপ কিভাবে পারল? একটা সময় মালদ্বীপকে তো হরহামেশাই হারাতো বাংলাদেশ? প্রশ্ন শুনে হাসেন হার্বার্ট। ‘ইতিহাস জানতে, শুনতে ভালো লাগে’ জানিয়ে বলতে থাকেন মালদ্বীপের বদলে যাওয়ার গল্পটা। দুই হাত উঁচু-নিচু করে বোঝাতে থাকেন নানা ছক, “দেখুন, বড় চিন্তা করতে হবে এবং তা পূরণের জন্য পরিকল্পনা এবং পরিশ্রমও থাকতে হবে বেশি। ছোট চিন্তা নিয়ে এগুলো সেটা পূরণ হলেও আপনি চূড়ায় যেতে পারবেন না কিন্তু বড় স্বপ্ন, চিন্তা নিয়ে কাজ শুরু করলে অনেক দূর যেতে পারবেন।”
নিজের দর্শনে চূড়ায় পৌঁছানোর নিশ্চয়তা দেননি হার্বার্ট; তবে কথায় বোঝালেন, তিন মাস আগে দায়িত্ব নিয়ে এই দর্শনেই মালদ্বীপের ফুটবলারদের শরীরী ভাষা, আত্মবিশ্বাস কিভাবে একটু একটু করে বদলে দিয়েছেন তিনি।
আলাপচারিতার এক ফাঁকে হঠাৎই হার্বার্ট বলা শুরু করলেন, “এগুলো করতে হলে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। মালদ্বীপ যখন আমাকে দায়িত্ব নিতে বলল, আমি বলেছিলাম, শুধু সাফের জন্য যদি নিতে চাও, তাহলে আরও কুড়ি জন কোচ পাবে কিন্তু আমাকে পাবে না। এরপর দীর্ঘমেয়াদে তারা আমাকে নিয়েছে এবং আমার মতো করে দল নিয়ে কাজ করার স্বাধীনতা দিয়েছে।”
২০০৩ সালের আসরে প্রথম ও সর্বশেষ সাফে ফুটবলের শিরোপা জেতা বাংলাদেশ এবার এসেছিল মুকুট পুনরুদ্ধার করতে। সে লক্ষ্যের ধারে কাছেই যেতে পারেনি তারা, টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জা সঙ্গী হয়েছে। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমীকরণ না মেলার কারণটাও কোচ মারুফুল হক জানিয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাফে নিজেদের সর্বোচ্চ ব্যবধানের (৪-০) হারের কারণ হিসেবে কোচ জানিয়েছেন ভুল পাসের কথা। আর মালদ্বীপ ম্যাচে ৩-১ গোলের ভরাডুবির জন্য কোচ সামনে এনেছেন ‘মানসিক’ সমস্যাকে। ভুটানকে শেষ ম্যাচে হারালেও শিষ্যদের খেলায় কোচ দেখেছেন ‘অপরিপক্কতার’ ছাপ। টুর্নামেন্টের সব ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে বলেছেন, “আমি পরাজিত সৈনিক।”
মারুফুল মুখ ফুটে না বললেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া মামুনুলদের পারফরম্যান্স দেখাচ্ছে গলদটা রয়েছে গোড়াতেই। লোডভিক ডি ক্রুইফ লম্বা সময় জাতীয় দলের সঙ্গে থাকলেও নেদারল্যান্ডসের এই কোচের দায়িত্ব ছিল টুর্নামেন্টভিত্তিক। তার বিদায়ের পর দায়িত্ব নিয়ে ইতালিয়ান কোচ ফাবিও লোপেজ মামুনুলদের ওপর গবেষণা করেছেন ইচ্ছেমতো। পজিশন বদলে মিডফিল্ডারকে উইংগার করা, উইংগারকে মিডফিল্ডে আনার পরীক্ষাও সেরেছেন তিনি।
অতিরিক্ত গবেষণার খেসারত দিয়ে গত নভেম্বরের শেষ দিকে বিদায় ঘণ্টা বাজে লোপেজের; সাফ ফুটবল মাঠে গড়ানোর মাসখানেক আগে মামুনুলরা কোচহীন! তাড়াহুড়ো করে মারুফুলকে দায়িত্ব দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরোয়া ফুটবলের স্বনামধন্য কোচকে সুনাম ধরে রাখার জন্য সময় দেওয়া হলো মাত্র এক মাসের!
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি জামাল ভুইয়া। তার অনুপস্থিতি মাঝ মাঠে মামুনুল-মোনায়েম খান রাজু নিয়ন্ত্রণটা পুরোপুরি মুঠোয় রাখতে পারেননি। এর সঙ্গে ভুল পাস, স্ট্রাইকার পজিশনে খেলা শাখাওয়াত রনির ষষ্ঠ মিনিটের সুযোগ নষ্ট আর ডিফেন্ডারদের ভুল যোগ হলে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
মালদ্বীপ ম্যাচে চোট কাটিয়ে ফেরেন জামাল। মাঝ মাঠের নিয়ন্ত্রণ বাড়লো; সেই সঙ্গে রনিদের সুযোগ নষ্টের সংখ্যাও বাড়তে থাকল। ২৯তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে গোলপোস্টের সামনে বল পেলেও সামনে থাকা কেবল গোলরক্ষককেও ফাঁকি দিতে পারেননি রনি; বল মেরে দেন তার গায়ে।
রনি পরেও সুযোগ নষ্ট করেছেন; মালদ্বীপ ম্যাচে একই কাজ করেন বদলি হিসেবে নামা নাবীব নেওয়াজ জীবন। ঘরোয়া ফুটবলে গত মৌসুমে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে দাপটের সঙ্গে খেলা জুয়েল রানা, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর শিরোপা জয়ে চার গোল অবদান রাখা উইঙ্গার জাহিদ হোসেন ছিলেন নিজেদের ছায়া হয়ে।
ভুটানের বিপক্ষে সান্ত্বনার জয় পাওয়ার ম্যাচেও মামুনুলদের আগ্রাসী রূপে দেখা না পাওয়ার কথাই ঠারে-ঠোরে বুঝিয়ে দিয়েছেন কোচ। গোলে ফিরলেও এ ম্যাচে রনি হ্যাটট্রিকের একাধিক সুযোগ নষ্ট করেছেন। জীবনও একই পথের পথিক; ওই ম্যাচেই ৭৪তম মিনিটে গোলের খাতায় নিজের নাম ওঠানোর জন্য দরকারি টোকাটাও দিতে পারেননি বিজেএমসির এই স্ট্রাইকার।
মামুনুলরা যে প্রাণপণ চেষ্টা করেনি তা নয়; কিন্তু এই বিন্দু বিন্দু চেষ্টা জমে সিন্ধু হয়নি; তাই সাফ ফুটবলের এবারের আসরে বাংলাদেশ আর ‘মালদ্বীপ’ হয়ে উঠতে পারেনি; ভুটানের মতো ঝরে গেছে অনেক আগেই।
