মারাদোনার সঙ্গে তুলনা আনন্দ দেয় হিগুয়াইনকে
দিয়েগো মারাদোনার সঙ্গে তুলনা বেশ আনন্দ দেয় বলে জানিয়েছেন নাপোলির আর্জেন্টাইন ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।
চলতি মৌসুমে অসাধারণ খেলছেন রিয়াল মাদ্রিদ থেকে ২০১৩ সালে ইতালির ক্লাব নাপোলিতে নাম লেখানো হিগুয়াইন। ১৭ ম্যাচ খেলে ১৬ গোল করে এ মৌসুমে সেরি আতে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি।
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলেন মারাদোনা। আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইতালির ক্লাবটির হয়ে দুটি লিগ শিরোপাসহ ইতালিয়ান কাপ ও উয়েফা কাপ শিরোপা জেতেন।
হিগুয়াইনের বর্তমান ফর্ম নাপোলিতে অনেককেই মনে করিয়ে দিচ্ছে মারাদোনার সেই কীর্তির কথা।
হিগুয়াইন বলেন, “দিয়েগো মারাদোনা? আমি তার মতো আর্জেন্টাইন। কিন্তু এই জার্সি পরা বোঝা নয়, সন্তুষ্টির। সে ফুটবল ইতিহাসের একজন অসাধারণ খেলোয়াড়। তার সঙ্গে তুলনায় আসাটা বড় আনন্দের উৎস।”
১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সেরি আর তৃতীয় স্থানে আছে নাপোলি। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফিওরেন্তিনা। আর শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬।
