চেলসির উইলিয়ানের চোখে এখনও সেরা চারের স্বপ্ন
একের পর এক হার আর ড্রয়ে বিধ্বস্ত চেলসি এখনও শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে পারে বলে মনে করেন ইংল্যান্ডের ক্লাবটির মিডফিল্ডার উইলিয়ান।
চেলসির অন্তবর্তীকালীন কোচ গাস হিডিংক গত সপ্তাহে বলেছিলেন, কাগজ-কলমের হিসেবে চেলসির শেষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা আছে। তার এই কথা বলার পরের ম্যাচেই পয়েন্ট হারায় গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
ওয়াটফোর্ডের সঙ্গে গত শনিবার ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে হিডিংকের দল।
এই ফলের পরও অবশ্য আশা ছাড়ছেন না চেলসির ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান।
“আমাদের জন্য এই পরিস্থিতি কঠিন। কিন্তু আমি মনে করি, আমরা একেকটি ম্যাচ ধরে খেলতে আর জিততে পারি এবং শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে পারি।”
১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চদশ স্থানে আছে চেলসি। এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৬। আর ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
