২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের উন্নতিতে মুগ্ধ কাপেল্লো

বার্সেলোনার তারকা নেইমারের উন্নতি দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও কাপেল্লো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 03:38 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

১৪ গোল নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন নেইমার। 
 
বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন ব্রাজিল অধিনায়ক। 
 
২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। কাতালুনিয়ার ক্লাবটিতে প্রথম মৌসুমে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তিনি। পরের মৌসুমে কিছুটা ভালো খেলেন। আর এ মৌসুমে নিজের নামের প্রতি ঠিকই সুবিচার করে চলেছেন নেইমার।
 
কাপেল্লো বলেন, “আরেকজন খেলোয়াড় যে উন্নতি করছে, সে নেইমার। তাকে যখন আমি ব্রাজিলের হয়ে খেলতে দেখেছিলাম, তখন সে ভালো একজন খেলোয়াড় ছিল। কিন্তু সে দশ মিনিট খেলল এবং মিলিয়ে গেল। এখন সে অনেক দৌড়ায়, অনেক লড়াই করে।”
 
হাঁটুর চোটের কারণে বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি এ মৌসুমে প্রায় দুই মাস মাঠের বাইরে কাটান। সেই সময়ে স্পেনের ক্লাবটির অগ্রযাত্রায় মূল ভূমিকা রাখেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার।
 
মেসির অনুপস্থিতে লিগে ৫ ম্যাচের চারটিতে জয় পায় বার্সেলোনা। লিগের এই ৫ ম্যাচে নেইমার ৮টি গোল করেন। সতীর্থদের তিনটি গোলে সহায়তাও করেন তিনি।
 
নেইমারের প্রশংসা করতে গিয়ে ওই সময়কে সামনে নিয়ে আসেন কাপেল্লো।
 
“আমি মনে করি, মেসিকে ছাড়া ওই দুই মাস বার্সেলানার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল।”