২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড ছাড়তে পারেন ফন খাল

ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রমাগত ব্যর্থতায় প্রবল চাপে থাকা লুই ফন খাল নিজেই কোচের পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির মাঠ থেকে গত শনিবার ২-০ গোলে হেরে আসে ইউনাইটেড।
 
এ নিয়ে টানা চারটি ম্যাচ হারল ফন খালের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ডাচ এই কোচকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে।
 
৬৪ বছর বয়সী ফন খাল বলেন, “এমন নয় যে, ক্লাবেরই আমাকে বরখাস্ত করতে হবে। কখনও কখনও আমি নিজেই তা করতে পারি। আমি আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ড, কোচিং স্টাফ আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চাই; আপনাদের সঙ্গে নয়।”
 
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়া ইউনাইটেড লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের মধ্যেও নেই। স্টোকের কাছে হারের পর ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। 
 
ডেভিড ময়েসের জায়গায় গত বছর ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ফন খাল এত দিন বলে এসেছেন ক্লাব কর্তৃপক্ষ সব সময়ই তাকে সমর্থন দিচ্ছে। তবে এবার তিনি অন্যরকম কথাই বলেন, “আমরা হেরেছি, তাই এটা নতুন পরিস্থিতি।”
 
স্টোকের বিপক্ষে ওয়েইন রুনিকে শুরুর একাদশে রাখেননি বলেও ফন খালের সমালোচনা হচ্ছে। ইউনাইটেড কোচ এ নিয়ে বলেন, “আমি এটাকেই ঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলাম। আর না হলে এটা আমি করতাম না।”