মামুনুলদের সমস্যা ‘মানসিক’
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রস্তুতি ক্যাম্পে মামুনুলদের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা চলেছে। মাঠের লড়াই শুরুর সময়ও সে চেষ্টা করে যাচ্ছিলেন মারুফুল হক। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর কোচের কথায় বোঝা গেল সমস্যা রয়ে গেছে আগের মতো।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে শনিবার মালদ্বীপের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। টানা দুই হারে ‘বি’ গ্রুপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় মামুনুলদের। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ব্যর্থতার কারণ হিসেবে শিষ্যদের সেই পুরোনো সমস্যাকেই দায়ী করেন কোচ।
“আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো মানসিক। আমরা কখনও নিজেদেরকে প্রতিপক্ষের ওপরে ভাবতে পারি না এবং আমি মনে করি, (ফুটবলারদের) ছেলে বেলা থেকে এ দিকটা নিয়ে কাজ করা প্রয়োজন।”
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় হারের কারণ হিসেবে মামুনুলদের ভুল পাসকে দায়ী করেছিলেন কোচ। মালদ্বীপ ম্যাচেও ভুল পাস, অহেতুক ডি বক্সের বাইরে ফাউল করা, প্রতিআক্রমণে রক্ষণভাগের এলোমেলো হয়ে যাওয়ার চিত্র দেখা গেছে।
দুই উইং ধরে আক্রমণ শানানোর পরিকল্পনার যা একটু বাস্তবায়ন হয়েছে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের প্রচেষ্টায়। অন্য প্রান্তের উইঙ্গার জাহিদ হোসেন আফগানিস্তান ম্যাচের মতো মালদ্বীপ ম্যাচেও ছিলেন নিষ্প্রভ।
মামুনুল ইসলাম-মোনায়েম খান রাজু-জামাল ভূইয়া মাঝ মাঠের নিয়ন্ত্রণ রেখেছিলেন। কিন্তু চোট কাটিয়ে ফেরা জামাল পুরো নব্বই মিনিট টানতে পারেননি দলের জোয়াল। ৭১তম মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ। এসব দেখে মারুফুলে উপলব্ধি, তৃণমূল পর্যায় থেকে ফুটবল নিয়ে কাজ শুরু না করলে আগামীতে বিপদ বাড়বে আরও।
“সত্যি বলতে, এটাই আমাদের (ফুটবলের) মান; যেটা দিনকে দিন নিচের দিকে যাচ্ছে। আমাদের পাইপলাইনে মানসম্পন্ন খেলোয়াড়ও নেই। তৃণমূল পর্যায়ে অনেক কাজ করার দরকার।”
বলের নিয়ন্ত্রণে প্রথমার্ধে এগিয়ে থেকে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে নাবীব নেওয়াজ জীবন, জুয়েল রানাকে নামিয়েও সমীকরণ মেলাতে পারেননি কোচ। টানা দুই হারে হতাশ কোচ প্রশ্ন তোলেন বদলি নামা খেলোয়াড়দের দায়িত্ববোধ নিয়েও।
