২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলে ভারতের শুভসূচনা

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে স্বাগতিক ভারত। প্রতিযোগিতাটির সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন দলটি জিতেছে ২-০ গোলে।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 11:25 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের দুটি গোল করেন রবিন সিং। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন এই ফরোয়ার্ড।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় ভারতের। কিন্তু কোটালের ক্রসে লক্ষ্যভেদ করতে পারেননি দলটির নির্ভরযোগ্য ফরোয়ার্ড সুনিল ছেত্রি। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে বাঁ দিক থেকে কাট করে রবিনকে বল বাড়ান ছেত্রি; বাঁ পায়ের শটে শ্রীলঙ্কা গোলরক্ষককে পরাস্ত করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলেও অবদান রাখেন অধিনায়ক ছেত্রি। অধিনায়কের হেড করে বাড়ানো বল থেকেই লক্ষ্যভেদ করে ভারতের জয় অনেকটাই নিশ্চিত করে দেন রবিন।

তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। দুই ম্যাচ খেলে গোল পার্থক্যে দ্বিতীয় শ্রীলঙ্কা। নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা।

আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারত।