মামুনুলদের ভুল পাসকেই দুষছেন মারুফুল
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বড় হারের কারণ খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ মারুফুল হক। আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হারের জন্য শিষ্যদের ভুল পাসকেই বেশি দায়ী করছেন তিনি।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বৃহস্পতিবার টুর্নামেন্টের শিরোপাধারী আফগানিস্তানের কাছে হারের পর মামুনুলদের ভুল পাস, শাখাওয়াত হোসেন রনির শুরুতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে না পারা নিয়ে কথা বলেন মারুফুল।
“এটা আমাদের বড় দোষ...প্রতিনিয়ত মিস পাস হতেই থাকে। মাঝ মাঠে যখন আক্রমণ তৈরি হয়, তখন মিস পাস হলে কিন্তু কাউন্টার অ্যাটাক হয়।”
২৯তম মিনিটে কর্নার থেকে প্রথম গোল খাওয়ার পরের দুই গোল বাংলাদেশ হজম করে ডিফেন্ডারদের ভুলে।
“ফিজিক্যালি অবশ্যই ওরা এগিয়ে ছিল। সমস্যা হয়েছে, ওদের প্রতিআক্রমণ ছিল ভয়ঙ্কর। মিস পাস থেকে আক্রমণগুলো হয়েছে। যেগুলো আটকানোর জন্য রক্ষণ জমাট ছিল না; তৈরি ছিল না।”
রনি ও সোহেল রানার সুযোগ নষ্ট করা নিয়ে বলেন মারুফুল বলেন, “প্রথম সুযোগটা আমরাই পেয়েছিলাম। তিনটা গোল হওয়ার আগে পর্যন্ত আমরা দুইটা সুযোগ পেয়েছিলাম কিন্তু ওরা তিনটা কাজে লাগিয়েছে; আমরা একটাও পারিনি।”
ড্রয়ের জন্য খেললে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলেও ইঙ্গিত দেন বাংলাদেশ কোচ, “আমি এখানে এক পয়েন্ট পেতে চাইলে বিষয়টা সহজ হতো। কিন্তু যেহেতু জয়ের জন্য এসেছি…যখন আপনি জয়ের জন্য খেলবেন, তখন ম্যাচটা উন্মুক্ত হয়ে যাবে। তখন যে কেউ জিততে পারে এবং যারা ভালো খেলবে, সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই জিতবে।”
কোচের দুর্ভাবনা বাড়িয়েছে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরীর গোঁড়ালির চোট। আগামী শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের বাকি দুই ম্যাচ নিয়ে আশাবাদী মারুফুল।
“একটা ম্যাচ হেরেছি বলে টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। সেমি-ফাইনালে উন্মুক্ত আছে। শেষ দুইটা ম্যাচও আমাদের জয়ের জন্য খেলতে হবে।”
মুকুট ধরে রাখার মিশন জয় দিয়ে শুরু করায় দারুণ খুশি আফগানিস্তান কোচ পিটার সেগ্রেট। শিষ্যদের ধন্যবাদ জানিয়ে ম্যাচ নিয়ে তৃপ্ত হওয়ার কথা বলেন তিনি।
“ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণে রেখেছিলাম, সুযোগ তৈরি করেছিলাম। আমাদের কেউ কোনো কার্ড পায়নি, চোট পায়নি; সব মিলিয়ে সহজ জয়ে আমি খুশি।”
