২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের শুভসূচনা

দুই ফরোয়ার্ডের গোলে ভুটানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা পেয়েছে মালদ্বীপ। ২০০৮ সালের আসরে একমাত্র শিরোপা জেতা দলটি ৩-১ গোলে জিতেছে।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 06:36 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে নবম মিনিটে ইমাজ আহমেদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। 
 
২০তম মিনিটে তিশেরিং দর্জির গোলে সমতায় ফেরে ভুটান। 
 
৩২তম মিনিটে মালদ্বীপকে এগিয়ে নেন আব্দুল্লাহ আসাদুল্লাহ। সতীর্থের বাড়ানো বলে সাইড ভলি করে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
 
৭০তম মিনিটে অধিনায়ক আশফাক আলি গোল করলে সহজ জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ। ডান দিক থেকে আক্রমণে যাওয়া আশফাক প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।
 
আগামী শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। একই দিনে ভুটান খেলবে প্রতিযোগিতাটির শিরোপাধারী আফগানিস্তানের বিপক্ষে।