২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভবিষ্যতের সেরা নেইমার, বর্তমানের মেসি’

নেইমার এক সময় বিশ্বের সেরা খেলোয়াড় হবেন বলে মনে করেন রাফিনিয়া। তবে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার বর্তমানের সেরা লিওনেল মেসিই জিতবেন বলেই বিশ্বাস বার্সেলোনার এই মিডফিল্ডারের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 06:29 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

এই প্রথমবারের মতো বর্ষসেরা পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন নেইমার। পুরস্কারটি জয়ের জন্য তার লড়াই এবার ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে। 
 
আগামী ১১ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে বর্ষসেরা খেলোয়াড়ের নাম।
 
নেইমারের প্রতিভা নিয়ে রাফিনিয়ার কোনো সংশয় নেই। তবে মেসিকে এখনও সময়ের সেরা খেলোয়াড় মনে করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
 
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোকে রাফিনিয়া বলেন, “আমি নেইমারের একজন ভক্ত। কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে, মেসি অন্য গ্রহের। ভবিষ্যতে নেইমার বিশ্বের সেরা হবে। কিন্তু বর্তমানে মেসিই সেরা।”
 
হাঁটুর লিগামেন্টের চোটের কারণে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। ২০১৬ অলিম্পিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে মরিয়া তিনি।
 
“তিন মাস আগে তারা অস্ত্রোপচার করেছে। জানুয়ারিতে আমি দৌড়াতে শুরু করতে পারব। দেখি কবে দলে ফিরতে পারি। অলিম্পিকে থাকার স্বপ্ন দেখি আমি। কিন্তু অলিম্পিকের দলে ফিরতে বার্সেলোনার হয়ে আরও বেশি সময় খেলতে হবে আমাকে।”