মেসিকে ১০ নম্বর জার্সি দিয়েছিলেন রোনালদিনিয়ো
বার্সেলোনায় লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পেয়েছিলেন রোনালদিনিয়োর কাছ থেকে। ২০০৮ সালে ক্লাব ছেড়ে যাওয়ার আগেই ব্রাজিলের এই প্লেমেকার তাকে জার্সিটি নিতে বলেছিলেন বলে জানিয়েছেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা।
বার্সেলোনায় ২০০৩ সালে নাম লেখানোর পর রোনালদিনিয়ো ১০ নম্বর জার্সিটি পেয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমের কাছ থেকে। রিকেলমেকে তখন দুই মৌসুমের জন্য ধারে ভিয়ারিয়ালকে দিয়েছিল বার্সেলোনা।
রোনালদিনিয়ো বার্সেলোনায় প্রায় ছয় বছরে দুইশর সামান্য বেশি ম্যাচ খেলে প্রায় একশ’ গোল করেন।
বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক মাস আগে রোনালদিনিয়ো তাকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
“তিনি জানতেন যে, তিনি বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন। তিনি আমাকে তার নম্বরটা নিতে বলেছিলেন। তিনি এই জার্সি গায়ে কি করেছেন সেটা না ভেবে আমি এটা নিলাম। যদি ভাবতাম, তাহলে হয়ত নিতাম না।”
সাবেক সতীর্থ রোনালদিনিয়োর প্রশংসা করে বার্সেলোনার ড্রেসিং রুমে প্রথম দিনগুলোর স্মৃতিচারণও করেন মেসি।
“ড্রেসিং রুমে সবাই আমাকে স্বাগত জানিয়েছিল। রোনালদিনিয়ো তো দারুণভাবে আমাকে স্বাগত জানায়। …এই ড্রেসিং রুমে যাওয়াটা সহজ ছিল না। কিন্তু তিনি এটা খুব সহজ করে দিয়েছিলেন।”
