২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে উত্ত্যক্তকারীদের নির্বোধ বললেন রিভার প্লেট সভাপতি

লিওনেল মেসিকে উত্ত্যক্ত করা রিভার প্লেট সমর্থকদের ‘নিবোর্ধ’ বললেন ক্লাবটির সভাপতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে গত রোববার রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে বার্সেলোনা। লুইস এনরিকের দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসি।

শিরোপা জিতে স্পেনে ফেরার সময় টোকিওর নারিতা বিমানবন্দরে রিভার প্লেটের কিছু সমর্থক মেসিকে বাজে কথা বলতে থাকে। এদের মধ্যে একজন বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে থুতু দেয় বলেও বলা হয়েছে।

এই ঘটনার পর নিজের ক্লাবের সমর্থকদের সমালোচনা করেন রিভার প্লেট সভাপতি রোদোলফো দি'ওনফোরিও।

“ভদ্রভাবে বললেও, সব সময়ই কিছু নির্বোধ থাকে। আমি মাত্র পড়েছি যে, বিমানবন্দরে কিছু সমর্থকের সঙ্গে মেসির সমস্যা হয়েছে।”

বার্সেলোনার কাছে ফাইনালে হেরে যাওয়াটা মেনে নিতে পারেনি রিভার প্লেটের সমর্থকরা। মনের জ্বালা তারা মেটাতে চেষ্টা করে আর্জেন্টিনা অধিনায়ক মেসির সঙ্গে বাজে ব্যবহার করে। 

ফক্স স্পোর্টসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় হতাশা প্রকাশের সঙ্গে মেসির প্রশংসা করেন রোদোলফো।

“মেসি একজন ভদ্রলোক। সে গোল করে ক্ষমার ভঙ্গিতে হাত তোলে। আমরা যা করেছি, এর জন্য সে আমাদের অভিনন্দন জানিয়েছে। সে আমাকে বলেছে, যখন সে ছোট ছিল, তখন রিভারের খেলোয়াড় হতে যাচ্ছিল।”

রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দোও বিষয়টিতে হতাশ হয়েছেন। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে তিনি বলেন, “আমি ঘটনাটি দেখিনি। কিন্তু আমি এই মনোভাবের নিন্দা করি; এটা অমার্জিত।”

“সে আমাদের দেশে জন্ম নেওয়া একজন ফুটবলার। বিশ্বের সেরা এবং যে আর্জেন্টিনার হয়ে খেলে। তাকে প্রাপ্য সম্মানটা দাও”, যোগ করেন গালার্দো।

রিভার প্লেট সমর্থকরা বার্সেলোনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোকেও উত্ত্যক্ত করে। আর্জেন্টিনার এই তারকা রিভার প্লেটের সাবেক খেলোয়াড় ছিলেন।